
গেল ২ দিন ধরে ফুটবল বিশ্বের একটাই উদ্বেগ ছিল আর্জেন্টিনা কি বিশ্বকাপ নিশ্চিত করবে! তাহলে কি মেসিকে ছাড়াই বিশ্বকাপ হবে! মেসি কি পারবেন, দেশকে রাশিয়া বিশ্বকাপে নিতে! বুধবার (১১ অক্টোবর) ভোরে সব উদ্বেগ, প্রশ্ন ও অনিশ্চয়তার জবাব দিয়ে দিলেন লিওনেল মেসি। একাই খেললেন, যেমনটা তিনি বার্সেলোনায় খেলেন। হ্যাটট্রিক করলেন, তাতে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত হলো আর্জেন্টিনার। বার্সেলোনার ছন্দ আর্জেন্টিনার জার্সিতে এনে দেশের সবচেয়ে কঠিন সময়ে জটিল কাজটি অতি সহজে করে দিলেন মেসি।
বুধবার ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত কত সমীকরণ, কত হিসাব, কত অঙ্ক মেসিদের সামনে ঘুরছিল। সব অঙ্কের শুরুটা ছিল মেসিদের জিততে হবে। নিজেদের কাজটা ঠিকঠাক করে নিজেরাই হিসাব মিলিয়ে নিয়েছেন। ইকুয়েডরের মাঠে ২০০১ সালের পর প্রথম জয় পেল আর্জেন্টিনা। অতীত ইতিহাস বদলের দিনে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দেয় আর্জেন্টিনা। ১৯৭০ এরপর বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার যে দুর্ভাবনা ছিল, তা কাটিয়ে তালিকার তিনে থেকে সরাসরি রাশিয়ার টিকিট পেলেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
একই দিনে ব্রাজিল চিলিকে ৩-০ গোলে এবং পেরু কলম্বিয়ার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করলে আর্জেন্টিনার হিসাব সহজ হয়ে যায়। ব্রাজিলের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। আর পেরু পঞ্চম স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে। এছাড়া উরুগুয়ে বলিভিয়াকে ৪-২ এবং ভেনিজুয়েলা প্যারাগুয়েকে ১-০ গোলে হারায়। এতে ১৮ ম্যাচে ১২ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ৯ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় আর্জেন্টিনার সমান ১৮ ম্যাচে ৯ জয়ে ২৮ পয়েন্ট। চতুর্থ হওয়া কলম্বিয়া সাত জয়ে ২৭ পয়েন্ট অর্জন করে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।
ইকুয়েডরের মাঠে শুরুটা এমন হবে, তা ভাবেননি কোনো আর্জেন্টাইন সমর্থক। ম্যাচের ১ মিনিটের মাথায় ইকুয়েডরের গোল। মেসিদের রাশিয়ামুখী বন্ধুরপথ যেন আরও বন্ধুরতম হয়ে ওঠে। মাঠে থাকা আর্জেন্টিনার সমর্থক অংশ থেকে শুরু করে জায়ান্ট স্ক্রিন, বার, ঘরে টিভির সামনে থাকা কোটি দর্শকের শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম। পিনপতন নীরবতায় পড়ে যান আর্জেন্টিনার সমর্থকরা। তবে যেদিন মেসি নিজের সব অতীত মুছে দেয়ার প্রতিজ্ঞা করে নেমেছেন, সেদিন তো আর হতাশায় জলাঞ্জলি যেতে পারে না। তাই দলকে টেনে তোলার দায় নিলেন মেসি। নিজের সর্বোচ্চটা দেয়া শুরু করলেন সতীর্থদের নিয়ে। মাত্র ১২ মিনিটে ডি মারিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে গোল করে সমতায় ফেরান দলকে। গোল করে তেমন উৎসব করতে দেখা যায়নি মেসিকে। ইকুয়েডরের পোস্ট থেকে বল নিয়ে ছুটেছেন সেন্টারের দিকে। যেন অনেক কাজ বাকি। কাজ সারলেন মাত্র ৮ মিনিটের মধ্যেই। ম্যাচের ২০ মিনিটে ইকুয়েডরের ডি বক্সের সামনে থেকে আলতো শটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন। এ গোল দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডধারী হারনান ক্রেসপো ও লুইস সুয়ারেজকে টপকেছেন মেসি। ম্যাচে প্রথম গোল করে সাবেক আর্জেন্টিানা তারকা ও সুয়ারেজের (১৯ গোল) পাশে বসেন মেসি। দ্বিতীয় গোল করে রেকর্ডটি নিজের করে নেন পাঁচবারের বর্ষসেরা তারকা (২০ গোল)। ইকুয়েডরের জালে দ্বিতীয় গোলের পর আর্জেন্টিনাকে অপেক্ষায় থাকতে হয়েছে। স্বাগতিকরা লড়াই ফিরিয়ে দিলে এ লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ৬২ মিনিটে ডি বক্সের সামনে একক প্রচেষ্টা নিজের তৃতীয় গোলটি করে পুরো আর্জেন্টিনা ও এর সমর্থকদের উল্লাসে ভাসান মেসি। এ গোলে বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও বাড়িয়ে নেন ২১ গোলে। অবশ্য একই দিনে সুয়ারেজ বলিভিয়ার বিপক্ষে ২ গোল করে মেসির পাশেই বসেছেন। ম্যাচের বাকি সময় মেসিরা লিড ধরে রাখায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ভয় কাটিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এমন একটি দিনের পর মেসিকে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ হবে নিশ্চিত। দেশের জার্সিতে মেসি পারেন না এমন কথারও শেষ হবে এ ম্যাচ থেকে। দলের চরম লজ্জা এড়ানোর দিনে হ্যাটট্রিক করে দেশের মানরক্ষার পর মেসিকে নিয়ে সন্দেহ প্রবণদের সন্দেহ করার দিন শেষ। এমনকি আর্জেন্টাইন সাবেক লিজেন্ড দিয়েগো ম্যারাডোনারও। ক্যারিয়ারের সব অর্জনের বিনিময়ে দেশের হলেও দেশের হয়ে একটি শিরোপা যিনি পেতে চান; টানা তিনটি বৈশ্বিক শিরোপা হাতছাড়া হওয়ার পর মাঠ থেকে যিনি অশ্রুসজল হয়ে বিদায় নিয়েছেন তার বিরুদ্ধে দেশের জার্সিতে নিজেকে উজাড় না করার অপবাদ এসেছিল। বুধবার যেন সে সব অপবাদের জবাব দিয়েছেন মেসি। তবে সমালোচকদের জবাব দিয়ে গুরুগম্ভীর হয়ে মাঠ ছাড়েননি মেসি। দেশের জার্সিতে বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দ করতে করতে মাঠ ছেড়েছেন। অবসরে চলে যওয়া, আবার ফিরে আসার মতো চরম নাটকীয় একটি বাছাই পর্ব শেষে দেশকে বিশ্বকাপে তুলতে পেরেছেন এটাই মেসির কাছে সব। তাই টিকে থাকল আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জয়ের স্বপ্নও। বুধবার মেসি যেমন খেললেন, তাতে ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর একটি শিরোপা দেশকে এনে দিতেই পারেন মেসি। আরও একটি বিষয়, ২০১৪ সালে প্লে-অফে সুইডেনের বিপক্ষে একই রকম পারফর্ম করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যাটট্রিক করে সুইডেনকে ৩-২ গোলে হারান একাই। তাতে সুইডেনের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয় আর ব্রাজিলের টিকিট পায় পর্তুগাল। ওই পারফরম্যান্স এতই গুরুত্ববহ ছিল যে, সেবার ব্যালন ডি’অর এনে দেয় রোনালদোর হাতে। বুধবার মেসির হ্যাটট্রিক একই রকম গুরুত্ব বহন করে। তাহলে কি ২০১৭ সালের ব্যালন ডি’অর মেসির হাতে উঠছে? এ প্রশ্নের জবাব আপাতত সময়ের জন্য তোলা রইল। এখন মেসিদের বিশ্বকাপ নিশ্চিতের আনন্দে ভাসার পালা।
২০১৭/রুমকী
























































