সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গবেষণা চুরি ধরিয়ে দেওয়ায় ঢাবি শিক্ষককে ফাঁসানোর অভিযোগ


গবেষণা চুরি ধরিয়ে দেওয়ায় ঢাবি শিক্ষককে ফাঁসানোর অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বিভাগ কর্তৃক অনিয়মে শিকার হয়ে সংবাদ সম্মেলন করতে এসে কান্নায় ভেঙে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

বিভাগের বিভিন্ন অনিয়ম নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিযোগ করায় তার বিরুদ্ধে নারী শিক্ষার্থী দিয়ে প্রথমে কটূক্তি পরে ইভটিজিং করার অভিযোগ আনার প্রতিবাদ জানিয়ে এ সংবাদ সম্মেলন করেন ড. আরিফ বিল্লাহ।

এ সময় লিখিত বক্তব্য তিনি বলেন, ‘ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস সবুর খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ষড়যন্ত্র করে এক নারী শিক্ষার্থীর মাধ্যমে আমার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করান।’
ড. আরিফ বিল্লাহ বলেন, ‘মূলত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের একটি গবেষণা প্রবন্ধ চুরি, অন্যজনের বই নিজের নামে প্রকাশসহ বিভিন্ন জালিয়াতি ধরিয়ে দেওয়ায় ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ঘৃণিত এই অভিযোগ আনা হয়েছে।’

তিনি বলেন, ‘অতীতে আমার কোনো পদোন্নতি সময় আসলে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আমি বিদেশ থাকাকালে আমার একটা আলমারি চেয়ারম্যান কক্ষে ছিল। সেখানে কিছু দুষ্প্রাপ্য বই এবং ব্যক্তিগত ডকুমেন্ট ছিল। আমি বিদেশ থেকে এসে দেখি সেই আলমারি নেই।’
বিভাগের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘২০১৬ সালে সাবেক চেয়ারম্যান এবং সাবেক প্রক্টর অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের কাছে আলমারি ফেরত চাইলে তিনি আমাকে বলেন- আলমারি আমার বাসায় আছে, দিয়ে দেব।’
‘কিন্তু এতদিন না দেওয়ায় আমি আলমারি ফেরত চেয়ে গত ৯ অক্টোবর উপাচার্য বরাবর আবেদন করি। কিন্তু এর পরদিন আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয় আমি কটূক্তি করেছি যা আমাকে অফিসিয়ালি জানানো হয়নি। আবার কাউকে না জানিয়ে ১১ অক্টোবর জরুরি একাডেমিক বৈঠকের চিঠি আসে পরদিন জরুরি বৈঠক হবে’ যোগ করেন তিনি।

ড. আরিফ বিল্লাহ বলেন, ‘বৈঠকে চেয়ারম্যান একটা দরখাস্ত সবাইকে পাঠ করে শোনান। যেখানে কটূক্তি করেছি এমন কোনো শব্দ ছিল না। তখন আমি দরখাস্তের একটি কপি চাইলে আমাকে কোনো কপি দেওয়া হবে না বলে জানান। আমি কপি চেয়েছি কারণ পরে এই দরখাস্ত যদি আবার পাল্টে দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমাকে কপি দেওয়া হয়নি। এই সময় বিভাগের চেয়ারম্যান বলেন, এই দরখাস্তে মেয়ে তো শাস্তির জন্য আবেদন করেননি। ওই সময় পেছনে বসা সাবেক প্রক্টর অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন- শাস্তির কথা উল্লেখ আছে। নিচ থেকে দুই নম্বার লাইনে বাম পাশে শাস্তির কথা উল্লেখ আছে।’
‘এই সময় আমি বললাম- আপনি পেছন থেকে কিভাবে দেখলেন কোথায় শাস্তির কথা উল্লেখ আছে। এই সময় চেয়ারম্যান বৈঠক মুলতবি করে দেন’ যোগ করেন এই শিক্ষক।
‍তিনি বলেন, ‘একাডেমিক বৈঠকে বলা হলো আমি কটূক্তি করেছি। অথচ এখন ভিসি অফিসে পাঠানো হয়েছে আমি নাকি ইভটিজিং করেছি। আমি চক্রান্তের শিকার। আমাকে ফাঁসানোর জন্য অভিযোগ করা হয়েছে।’

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি