
ডেস্ক রিপোর্ট :
দুই বউ নিয়ে বেশ বিপদেই আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মূলত প্রথম বউয়ের সন্তান না হওয়ার কারণেই করেছেন দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বউয়ের বেলায়ও একই অবস্থা। এ ধরনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শুকনো পাতার নূপুর’। শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় এতে হেলাল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার দুই বউয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ও মন্দিরা চক্রবর্তীকে।
তবে নাটকের নাম আপাতত শুকনো পাতার নূপুর হলেও এ নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গ্রামীণ পটভূমিতে নির্মিত নাকটির গল্প দারুণ। এতে সামাজিক অনেক কুসংস্কার সুন্দর করেই তুলে ধরা হয়েছে, যা আমাদের সমাজে এখনও বিদ্যমান। এছাড়াও নাটকটিতে ছোট ছোট অনেক বিষয় পাবেন, যা দর্শককে পূর্ণ বিনোদন দেবে। শাহাদাজা মামুনের প্রতি আমার অন্যরকম আস্থা রয়েছে। সে ভালো কিছুই বানাচ্ছে।’ ঊর্মিলা বলেন, ‘ধারাবাহিকটির শুটিং করেছি। এতে আমি মোশাররফ ভাইয়ের বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি অনেক ইমোশনাল। অনেক ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ মন্দিরা বলেন, ‘মোশাররফ ভাইয়ের ছোট বউয়ের চরিত্রে এ নাটকে অভিনয় করতে পারছি বলে খুব ভালো লাগছে। নির্মাতাকে ধন্যবাদ এমন একটি চরিত্রে আমাকে সুযোগ দেয়ার জন্য।’ এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, শামিমা তুষ্টি, জয়রাজ, শহীদ আলমগীর, হিমি হাফিজ, রিমু রোজা খন্দকার, আফরোজা হোসাইন, তানিন তানতা, এস এম মহসিন, বৈদ্যনাথ সাহাসহ আরও অনেকেই। ধারাবাহিকটি শিগগিরই চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
২০১৭/মাহি

























































