মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে এসেছে নতুন ইনজামাম!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের জয়রথ ছুটছেই। বুধবার তৃতীয় একদিনের ম্যাচেও তারা সাত উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এর ফলে দুই ম্যাচ আগেই ৩-০ ব্যবধানে সিরিজটাকেও নিজেদের করে নিয়েছে সরফরাজ আহমেদের দল।

সুযোগটা করে দেয় শ্রীলংকাই। টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ২০৮ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে তারা। লংকানদের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন উপুল থারাঙ্গা। তবে দু’শ রানের কোটা পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থিসেরা পেরেরার ৩৮।

আর এই অল্প রানে বাঁধতে পাকিস্তানকে সহায়তা করেন হাসান আলী। মাত্র ৩৪ রানেই প্রতিপক্ষের পাঁচ উইকেট তুলে নেন তিনি। এছাড়া শাদাব খান দুটি এবং মোহাম্মদ হাফিজ ও জুনাইয়েদ খান লংকানদের ১টি করে উইকেট দখল করেন।

শ্রীলংকার ছুড়ে দেওয়া ২০৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারেই ২০৯ রান তুলে ফেলে পাকিস্তান। বিনিময়ে হারায় মাত্র তিন উইকেট। আবুধাবীতে টানা পাঁচ সেঞ্চুরি করা বাবর আজম এদিন থামলেন ৩০ রানে। তার আগে ২৯ রান করে সাজঘরে ফেরেন ফখর জামান। ৩৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ হাফিজ।

পাঁচ উইকেট নিয়ে শ্রীলংকার লাগাম টেনে ধরার কাজটা আগে করেন হাসান আলী। ছবি : সংগৃহীত

তবে তৃতীয় ওয়ানডের মূল নায়ক ইমাম-উল হক। ম্যাচের শেষে সব আলোই পড়লো গিয়ে তার উপর। দারুণ এক সেঞ্চুরি করে অভিষেকটাকেও রঙিন করে সাজিয়ে নিলেন তরুণ প্রতিভাবান এই ব্যাটসম্যান। আউট হওয়ার আগে ১২৫ বলে ঠিক ১০০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। যেখানে পাঁচটি চার ও দুটি ছিল ছক্কার মার।

এই সেঞ্চুরির সৌজন্যে নতুন এক ইতিহাসও গড়লেন ইমাম। পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকেই শতরান। আর সবমিলিয়ে ১৩তম ক্রিকেটার হিসেবে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি। তার আগে অনন্য এই কীর্তি গড়েছিলেন সেলিম এলাহী। ১৯৯৫ সালে গুজরানওয়ালাতে, কাকতালীয় ব্যাপার হলো, সেদিনের প্রতিপক্ষও ছিল এই শ্রীলংকা!

তবে সেসময়ে এই জন্মও হয়নি ২১ বছর বয়সী এই ইমাম উল হকের। বয়সের দিক দিয়েও তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করলেন ইমাম। বুধবার তার বয়স ছিল ২১ বছর ৩১০ দিন। ১৮ বছর ৩১২ দিনে সেঞ্চুরির রেকর্ডটি সেলিম এলাহীর দখলেই রয়েছে। ২১ বছর ১৪২ দিনে শতরানের রেকর্ডটি হংকংয়ের মার্ক চাপম্যানের।

শ্রীলংকার বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করে পাদপ্রদীপের আলোয় উঠে আসা ইমাম-উল হকের কিন্তু আরও একটা পরিচয় আছে। নামটা দেখে শুরুতেই হয়তো অনুমান করতে পেরেছেন অনেকে। হ্যাঁ, পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল হকের ভাতিজা। পাকিস্তানের নতুন ভরসা! প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন ইঞ্জিন হয়েই এই দলটাকে টেনে নিতে চান বহুদূর…।

পূর্বাশানিউজ/১৯অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি