শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জর্ডানের রানি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন


জর্ডানের রানি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আজ সোমবার কক্সবাজারে যাচ্ছেন জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ।

সোমবার (২৩ অক্টোবর) সকালে জর্ডান থেকে বিমানযোগে ঢাকা হয়ে কক্সবাজারে আসবেন রানী রানিয়া। সকাল ১১টায় বিশেষ বিমানে রানী রানিয়া কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন।

রানি রানিয়া কক্সবাজারে অবতরণের পর সরাসরি উখিয়ার কুতুপালং ক্যাম্প রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে যাবেন। এই সময় তিনি পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখবেন। কুতুপালংয়ে রোহিঙ্গাদের সাহায্য করছে জাতিসংঘের এমন সংস্থাগুলোর সঙ্গে রানি রানিয়ার বৈঠক করার কথা রয়েছে।

রানিয়া আল আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। তিনি জাতিসংঘেরও একাধিক মানবিক সংস্থার সদস্য।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা(ইউএনএইচসিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার যাবেন।

এদিকে রানি রানিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজারে ও রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রানীর নিরাপত্তায় থাকবে এসএসএফ। পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবি রানির নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

অক্টোবর ২৩, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি