মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ বছর পর শিরোপা ভারতের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারত ২৯ মিনিটে ২-০ গোলে এগিয়ে গেলে মনে হচ্ছিল, মালয়েশিয়ার বিপক্ষে দশম এশিয়া কাপ হকির ফাইনাল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ট্রফি জিতবে। কিন্তু চতুর্থ কোয়ার্টারে যে খেলাটা খেললেন মালয়েশিয়ানরা, তাতে তো রীতিমতো ভয় পেয়েছিলেন খোদ ভারতের ডাচ কোচ সোয়ার্ড ম্যারিন। ১-২ হওয়ার পর তো আতঙ্কও চেপে বসেছিল তার মনে। তবে খুশি শিষ্যরা অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করে নিতে পারায়। প্রতি আক্রমণে রমনদ্বীপ সিং ও উপাধ্যায় ললিত গোল করে ১০ বছর পর এশিয়ান হকির রাজত্বে ফিরে সতীর্থ সাব্বির সিংয়ের জন্মদিনটাকে রাঙিয়ে দিলেন।

পরশু রাত সাড়ে ১১টায় কোরিয়ার বিপক্ষে সুপার ফোর ম্যাচ খেলে মালয়েশিয়ানরা হোটেলে ফিরে ঘুমাতে গেছেন প্রায় ৪টায়। ৪ ঘণ্টা ঘুমিয়ে প্রস্তুতি নিয়ে আবার মাঠে, ততক্ষণে ক্লান্তি দূর হয়নি। তারপরও ভারতের বিপক্ষে যা খেলেছে প্রশংসনীয় বলেন মালয়েশিয়া কোচ স্টিফেন ফন হুইজেন; ১৯৮৫ এশিয়া কাপে তিনি ছিলেন অধিনায়ক, ৩২ বছর পর এসেছেন কোচ হয়ে। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলের কাছে হারলেও খুশি ফন হুইজেন, ‘ভারত অনেক অভিজ্ঞ দল, সাতবার ফাইনাল খেলেছে, আমাদের প্রথম। দুই দলের মধ্যে বড় পার্থক্য এখানেই। আমরা খেলেছি আন্ডারডগ। ক্লান্ত শরীর নিয়েও ছেলেরা ভারতকে যে চ্যালেঞ্জ দিতে পেরেছে, আমি খুশি।’ এশিয়া কাপে ফাইনালে উঠে ২০১৯ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখার রসদ নিলেন টেংকু তাজুদ্দিন, জাজলান নাজমি, আরশাদ আমিরুলরা। ফাইনালের নৈপুণ্য আরও ভালো হতে পারত; হয়নি ক্লান্তি-চোটে; ছয়জন খেলেছেন ছোট-বড় চোট নিয়ে। তবে ক্লান্তি বা চোটকে অজুহাত বলছেন না ফন হুইজেন, বরং ফাইনালে উঠে বড় অর্জন দেখছেন তিনি।

অর্জন আরও বড় হতে পারত, যদি প্রাপ্য তিনটি পেনাল্টি কর্নারের অন্তত একটিকে গোলে রূপ দিতে পারতেন ফায়জাল শারি বা শাবাহ শারিল। তারপরও চতুর্থ কোয়ার্টারে ভারতকে যেভাবে চেপে ধরেছিল অনভিজ্ঞ দলটি, দেখে নাকি আতঙ্কিত ছিলেন খোদ ভারতের ডাচ কোচ সোয়ার্ড ম্যারিন; খেলা শেষে বললেনও, ‘এ সময় ওরা যেভাবে খেলেছে, কিছুটা চিন্তিত ছিলাম, ভয়ও পাচ্ছিলাম।’ ১-২ হওয়ার পর নাকি আতঙ্ক চেপে বসেছিল মনে! অভিজ্ঞতা দিয়ে শিষ্যরা ম্যাচটাকে বের করে নিতে পেরেছে দেখে খুশি সোয়ার্ড।

১০ বছর পর জেতা এশিয়া কাপের ট্রফি পুনরুদ্ধার করে ওয়ার্ল্ড লিগের আগে আত্মবিশ্বাসও বাড়াতে পেরেছেন ভারতীয়রা; অধিনায়ক মানপ্রীত সিং বলেন, ‘ঢাকা আসার আগে আমরা আরও দুইটি টুর্নামেন্ট খেলে এসেছি, কিন্তু ফল ভালো ছিল না। এখানে ভালো করার লক্ষ্য নিয়ে এসেছিলাম, চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। ওয়ার্ল্ড লিগের ফাইনাল রাউন্ডে ভালো খেলার অনুপ্রেরণা হয়ে কাজ করবে এটা।’
১-২ গোল করতে পারায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল মালয়েশিয়ানদেরও; ফলে গোল শোধে মরিয়া হয়ে শেষ ৫ মিনিট তারা গোলরক্ষক ছাড়াই খেলেছে! আক্রমণে শক্তি বাড়াতে গোলরক্ষককে তুলে একজন ফরোয়ার্ড নামায়। গোলের সুযোগ তৈরি করলেও শতভাগ সফল হয়নি। তারপরও প্রথমবার ফাইনাল খেলতে পেরেই খুশি তারা।

অক্টোবর ২৩, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি