
পূর্বাশা ডেস্ক:
বর্ষসেরা পুরুষ ফুটবলার
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ)
বর্ষসেরা মহিলা ফুটবলার
লিকে মার্টিনস (নেদারল্যান্ডস/বার্সেলোনা)
বর্ষসেরা গোলরক্ষক
জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস)
পুসকাস অ্যাওয়ার্ড
অলিভিয়ের জিরুদ (আর্সেনাল)
বর্ষসেরা পুরুষ কোচ
জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)
সারিনা উইগম্যান (নেদারল্যান্ডস)
বর্ষসেরা মহিলা কোচ তার জার্সি নম্বর সাত। ফিফার দেয়া পুরস্কারের সংখ্যাও সাতে নিতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিফা ও ফ্রেঞ্চ ফুটবল যদি এখনও একাট্টা থাকত তবে তো মোট পাঁচবার বর্ষসেরা ফুটবলারের খেতাবটা জুটে গিয়েছিল রোনালদোর। কিন্তু ফিফা ও ফ্রেঞ্চ ফুটবল গত বছর থেকে আলাদা হয়ে যাওয়ায় এখন ব্যালন ডি’অর ও ফিফার ‘দ্য বেস্ট’ নির্বাচন করা হয়। সে আলাদা নির্বাচনেও টানা দুইবার ফিফার তালিকায় বর্ষসেরা ফুটবলার হয়েছেন রোনালদো। গত সোমবার রাতে লন্ডনে ২০১৭ ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার উঠেছে রোনালদোর হাতে। সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারকে পেছনে ফেলে ‘দ্য বেস্ট’ হয়েছেন রোনালদো। আগের তিনটি ফিফা ব্যালন ডি’অর এবং ২০১৬ ও ২০১৭ ফিফা ‘দ্য বেস্ট’ মিলিয়ে ফুটবলের শীর্ষ সংস্থার দেয়া পুরস্কারের সংখ্যা পাঁচটি হলো রোনালদোর ট্রফি কেসে। এ সংখ্যাটাই নিজের জার্সি নম্বরের (সাত) সমান করে নিতে চান দুইবারের ‘দ্য বেস্ট’ ফুটবলার।
রোনালদোর জন্য অসাধারণ কাটা গত মৌসুমটাই পর্তুগিজ তারকাকে আবারও সেরার তকমা এনে দিয়েছে। গতবার রিয়াল মাদ্রিদের জার্সিতে ঘরোয়া ও ইউরোপিয়ান শীর্ষ দুইটি শিরোপা লা লিগা ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে রিয়াল। লা লিগায় দলকে শিরোপা এনে দেয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোনালদো। তবে পর্তুগিজ তারকা নিজের আসল কারিশমা দেখিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। নকআউট পর্ব থেকে দুর্বার হয়ে ওঠা রোনালদো ফাইনালে জুভেন্টাসকে উড়িয়ে দিতে জোড়া গোল করেন। এছাড়া পুরো মৌসুমে পর্তুগাল ও রিয়ালের হয়ে মোট ৪৮ ম্যাচে ৪৪ গোল করেছেন রোনালদো। এ পুরস্কার জয়ের পথে ভোটাভুটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসিকে যোজন ব্যবধানে হারিয়েছেন তিনি। গতবার রোনালদো পেয়েছিলেন ৩৪ শতাংশ ভোট আর মেসি পেয়েছিলেন ২৬ শতাংশ। তবে এবার রোনালদো পেয়েছেন ৪৩ শতাংশ আর মেসি ১৯ শতাংশ। তৃতীয় হওয়া নেইমার পেয়েছেন মাত্র ৭ শতাংশ ভোট। আগে থেকেই প্রায় নির্ধারণ হয়ে থাকা পুরস্কার জয়ের পর নতুন কথা বললেন রোনালদো। সবাইকে চমকে দিয়ে জানালেন এ পুরস্কার অনন্ত আরও দুইবার (মোট সাতবার) পেতে চান তিনি, ‘এখানেই শেষ নয়, পাঁচ সংখ্যাটা খারাপ না। তবে আমি সাতটি অর্জন করতে চাই। সাত আমার সৌভাগ্যের নম্বর। সে কারণেই আরও দুইবার এ পুরস্কার পেতে চাই আমি। এছাড়া সবাইকে ধন্যবাদ দিতে চাই ভোটে আমাকে নির্বাচন করার জন্য। এ পুরস্কার আমার জন্য অনেক মানে রাখে। কারণ মেসি ও নেইমারকে পিছনে ফেলে আমি জিতেছি। এ পুরস্কার দ্বিতীয়বার পাওয়া অনেক পরিশ্রমের ফসল। বিশ্বজুড়ে সব ভক্তদের ধন্যবাদ জানাই।’
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডো বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্তদের তালিকায় জয়জয়কার রিয়ালের। বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়ালের সাবেক ফরাসি কিংবদন্তি কোচ জিনেদিন জিদান। চেলসি কোচ অ্যান্তোনিও কোন্তে ও জুভেন্টাসের মেসিমিলিয়ানো অ্যালেগ্রিকে পেছনে ফেলে বর্ষসেরা কোচ হয়েছেন জিদান। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালের মোট পাঁচজনের নাম উঠেছে ফিফপ্রো একাদশে। রোনালদো ছাড়া টনি ক্রুস, লুকা মডিচ, মার্সেলো ও সার্জিও রামোস আছেন একাদশে। এছাড়া এসি মিলানের লিওনার্দো বুনোচ্চি ও পিএসজির দানি আলভেস আছেন। মিডফিল্ডে বার্সেলোনার অভিজ্ঞ তারকা আন্দ্রেস ইনিয়েস্তার নামও উঠেছে। আর ফরোয়ার্ডে যথারীতি রোনালদোর সঙ্গে আছেন মেসি ও নেইমার। গোলেপোস্টের নিচে আছেন বর্ষসেরা গোলরক্ষকের খেতাব পাওয়া জিয়ানলুইজি বুফন। এছাড়া বর্ষসেরা গোলের পুরস্কার ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন ফ্রান্স ও আর্সেনাল স্ট্রাইকার অলিভিয়ের জিরোড। মেয়েদের বিভাগে নেদারল্যান্ডসকে ২০১৭ ইউরো এনে দেয়া কোচ সারিনা উইগম্যান হয়েছেন বর্ষসেরা মহিলা কোচ। আর বর্ষসেরা মহিলা ফুটবলারের খেতাব জিতেছেন নেদারল্যান্ডসের ইউরো জয়ী লিকে মার্টিনস। ফেয়ার প্লে পুরস্কার উঠেছে চেক লিগে খেলা ফ্রান্সিওস কোনের হাতে। ওই ম্যাচে খেলা গোলরক্ষক মার্টিন বেরকোভিচের প্রাণ বাঁচিয়ে দেয়া সাহায্য করেছিলেন কোনে। আর বর্ষসেরা সমর্থক পুরস্কার প্রাপ্ত হিসেবে নাম উঠেছে সেলটিক ফুটবল ক্লাবের সমর্থকদের।
অক্টোবর ২৫, ২০১৭/ রুমকী
























































