
ডেস্ক রিপোর্ট :
মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে থাকা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সকালে মৌচাক মোড়ে মঞ্চে ওঠার প্রতিযোগিতা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মঞ্চ থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
সে সময় এলজিইডির কর্মকর্তা বাদে সবাইকে মঞ্চ ছাড়ার নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব মো. রইসউদ্দিন।
আর মঞ্চে উঠে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পরে পরিস্থিতি শান্ত হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৯ কিলোমিটার লম্বা ফ্লাইওভারটির নির্মাণকাজের উদ্বোধন করেন। ফ্লাইওভারটির কাজ তিন ভাগে করা হয়েছে।
গত বছরের ৩০ মার্চ সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি হাসপাতাল অংশে যান চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ১৫ সেপ্টেম্বর ফ্লাইওভারের ইস্কাটন-মৌচাক অংশের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তৃতীয় ধাপে এফডিসি মোড় থেকে সোনারগাঁও হোটেলের দিকের অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এ বছর ১৭ মে। ২৬ অক্টোবর বৃহস্পতিবার মগবাজার-মৌচাক ফ্লাইওভারের মগবাজার-মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ অংশটির উদ্বোধন করা হবে।
উদ্বোধনের পর নগরবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত এই ফ্লাইওভারটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
২০১৭/মাহি






















































