শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বালতিতে করে মা’কে নিয়ে আসেন কাশেম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :
বুদরুজজামান (৯৭)। বুছিডংয়ের ইয়ংছং গ্রাম থেকে ১১ দিন হেটে বাংলাদেশে আশ্রয়ের জন্য পৌঁছেছেন। বয়সের ভারে হাড্ডিসার ও অচল হয়ে পড়েছে বুদরুজজামান। তার ছেলে মোহাম্মদ কাশেম একটি বড় গামলায় করে মা বুদরুজজামানকে কাঁধে নিয়ে ৫ দিন ধরে হেঁটে মিয়ানমারের ধংখালী সীমান্তে পৌঁছেন। এপারে আসার জন্য ১১ দিন অর্ধাহারে অনাহারে বালুচরে থাকতে হয়েছে। সঙ্গে রয়েছে পরিবারের স্ত্রীসহ আরো ৬ জন ছেলে মেয়ে।

সাবরাংয়ের হারিয়াখালীর সেনা বাহিনীর ত্রাণ কেন্দ্রে বুধবার সকাল সাড়ে ১০ টায় কাশেম জানান, মিয়ানমার সীমান্তের নাফ নদীর কিনারায় ১০ দিন ধরে নৌকার অপেক্ষায় ছিলাম। ১১ দিনের দিন বুধবার ভোর রাতে ২ লাখ কিয়াতের বিনিময়ে এপারে আসতে সক্ষম হয়েছি। তিনি জানান, ধংখালী বালুচর এলাকায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসার জন্য অপেক্ষায় রয়েছে। এপার থেকে নৌকা বা বোট না যাওয়ায় অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে তারা। কোন কোন পরিবার ২০ দিন, ১৫ দিন, ১০ দিন পর্যন্ত সীমান্তের বালুচরে অপেক্ষায় রয়েছে। সকলে বুচিডং থানার বিভিন্ন গ্রামের রোহিঙ্গা মুসলিম। তারা না পারছে এদেশে আসতে না পারছে ফিরে যেতে। খাদ্য ও পানির সংকটে অধিকাংশ রোহিঙ্গা শিশু ও বৃদ্ধারা অসুস্থ হয়ে পড়ছে। তিনি আরো জানান, মগ সেনারা এখন শারীরিক অত্যাচার নির্যাতন না করলেও মানসিক ও খাদ্য সংকটে মারছে। ঘর থেকে বের হতে দিচ্ছেনা। কোন কাজ কর্ম নেই। তাই বাধ্য হয়ে এপারে চলে আসি।
অন্যদিকে বুচিডং জেইডং গ্রাম থেকে আসা মৃত জিয়াউর রহমানের স্ত্রী লায়লা বেগম (২৭) জানান, ২৫ শে আগস্ট মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরু হলে পরের দিন মিলিটারির গুলিতে মারা যায় স্বামী জিয়াউর রহমান। এরপর থেকে তিন শিশু ছেলে নিয়ে আত্মীয় স্বজনের এবাড়ি ওবাড়ি গিয়ে আশ্রয়ে থেকেছেন। কিন্তু চারদিকে খাদ্যের জন্য হাহাকার। পুরুষদেরও সারাদিন বাড়ী থেকে বের হতে দেয়না সেনারা। বাড়ীতে খাদ্য নেই। এই অবস্থায় অর্ধাহারে অনাহারে অনেকদিন মানবেতর দিন কাটিয়েছি।
শুনেছি বাংলাদেশে রোহিঙ্গাদেরকে রিলিফ দিচ্ছে। তাই প্রাণ বাঁচাতে তিন ছেলে নিয়ে এদেশে এসেছি।
তিনি আরো জানান, ২০ দিন ধরে ধংখালী বালুচরে নৌকার অপেক্ষায় ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানীতে মঙ্গলবার রাতে কয়েকটি নৌকা পৌঁছলে এলাকার আরো ৭ টি পরিবারের সাথে আমি ছেলেদের নিয়ে একটি নৌকায় উঠি। আরো হাজার হাজার নারী পুরুষ ও শিশু ওই বালুচরে সীমান্ত পাড়ি দেয়ার অপেক্ষায় রয়েছে। অনেকদিন ধরে অভুক্ত রয়েছে ওইসব রোহিঙ্গারা।
অপরদিকে ত্রাণ কেন্দ্রে দেখা যায়, সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ৯০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। যাদের প্রত্যেক পরিবারে ৬ থেকে ১০ জন পর্যন্ত সদস্য রয়েছে। এছাড়া আরো এক হাজার মতো রোহিঙ্গা ত্রাণের জন্য অপেক্ষায় রয়েছে।
ত্রাণ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, প্রায় দেড় হাজারের মতো রোহিঙ্গা নতুন করে ঢুকেছে এপারে।
এসময় ওই ত্রাণ কেন্দ্রে সেনাদের অনুমতিক্রমে অনেক দানশীল ব্যক্তিরা খাদ্য দিয়ে আগত রোহিঙ্গাদের সাহায্য করছে। বিভিন্ন সংস্থা বিস্কুট, পানি সরবরাহ করছে। অভুক্ত শিশুরা খাদ্য পেয়ে অমনি খেতে শুরু করেছে। অসুস্থদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীসহ কয়েকটি মেডিকেল টিম। এছাড়া আজ বৃহস্পতিবার ভোর রাতেও প্রায় দেড় হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে।

পূর্বাশানিউজ/২৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি