বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় লিফলেট বিতরণের সময় দুই শিবির কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ নেতারা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিড্যা গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন-সিড্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলী আকবর সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (২০) ও ৪ নম্বর ওয়ার্ডের আলী আজম ফকিরের ছেলে কাউসার ফকির (২০)।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমনে চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দুই শিবির কর্মী লিফলেট বিতরণ করছিল। তখন তিনি, সাবেক সভাপতি শামীম, সাধারণ সম্পাদক রনি হাওলাদারসহ ছাত্রলীগ কর্মীরা দুই শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।”

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, ওই দুই শিবির কর্মী লিফলেট, চাঁদা তোলার লিস্ট ও ২০১৮ সালের ক্যালেন্ডার বিতরণ করছিল। তখন ছাত্রলীগ নেতারা তাদের আটক করে পুলিশকে জানালে পুলিশ তাদের ডামুড্যা থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পূর্বাশানিউজ/২৭অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি