বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুলাদীতে হাত-পা বেঁধে শিশু নির্যাতন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বরিশালের মুলাদী উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগে শাওন (১৩) নামের এক শিশুকে অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক ব্যক্তি নির্যাতনের ওই দৃশ্য মুঠোফোনে ধারণ করে রাখার পর সেই তথ্যের ভিত্তিতে গত বুধবার সবুজ হোসেন ও মহসিন নামের স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে গতকাল বৃহস্পতিবার একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে মুলাদী থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বরিশালের উপপরিচালক সোহেল সরদার বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলাটি করেন। তবে নির্যাতনের শিকার ওই শিশুকে গতকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি।

মুলাদী থানার পুলিশ বলছে, শাওন নামের ওই শিশুর বাবা নেই। তার মা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। সে সম্প্রতি মুলাদীর চর শফিপুর গ্রামে তার নানির বাড়িতে বেড়াতে এসেছিল। নির্যাতনের শিকার শিশুটির নানি মর্জিনা বেগমের খোঁজ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর মুলাদী উপজেলার চর শফিপুরের সমিতিরহাট এলাকায় মুঠোফোন চুরির অভিযোগে শাওন নামের এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। ওই সময় নির্যাতনের দৃশ্যটি সেখানে উপস্থিত এক ব্যক্তি কৌশলে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি তিনি এলাকার বেশ কয়েকজনকে দেখান। এই ভিডিওটি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বরিশালের উপপরিচালকের হাতে পৌঁছালে তিনি বিষয়টি বরিশালের পুলিশ সুপারকে দেখান। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম তাৎক্ষণিক মুলাদী থানার ওসিকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নির্যাতনের শিকার শিশুটিকে খুঁজে বের করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে মুলাদী থানার পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজ হোসেন ও মহসিন নামের দুই যুবককে আটক করে।

পূর্বাশানিউজ/২৭অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি