বুধবার,১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » নদীপথের অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণে ভারতকে এগিয়ে আসার আহবান ড. আতিউরের


নদীপথের অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণে ভারতকে এগিয়ে আসার আহবান ড. আতিউরের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের রেল অবকাঠামো উন্নয়নের ন্যায় নদীপথের অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণের জন্যেও ভারতকে এগিয়ে আসা আহবান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। তিনি বলেন, বিবিআইএন (বাংলাদেশ-ভ‚টান-ভারত-নেপাল) উপ-অঞ্চলের দেশগুলোর মধ্যে নদীপথে বাণিজ্য বাড়ানো গেলে তা সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে।

বৃহস্পতিবার কোলকাতায় নদীপথ বিষয়ক উপ-আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংলাপ অধিবেশনটি যৌথভাবে আয়োজন করেছে কাটস ইন্টারন্যাশনাল রয়াল সোসাইটি ফর প্রোটেকশন অফ ন্যাচার, এবং সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস এন্ড এনভায়রনমেন্ট।

আতিউর রহমান বলেন, ২০১৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্ত:দেশীয় বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে আশার সঞ্চার করেছে। তবে এক্ষেত্রে নদীপথের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিপুল বিনিয়োগ, নদীপথগুলোর নাব্যতা বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার মতো চ্যালেঞ্জগুলোও আমাদের মাথায় রাখতে হবে। তিনি বলেন,এই বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুফল যেন নদীর আশে পাশে বসবাসকারি দরিদ্র ও প্রান্তিক মানুষরা বিশেষত চরের মানুষরা পান সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

বিবিআইএন উপ-অঞ্চলে নদীপথগুলোর যথাযথ ব্যবস্থাপনা এবং নদীপথে আন্ত:দেশীয় বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য দেশগুলোর মধ্যে সংলাপ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড. আতিউর রহমান বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেরও এগিয়ে আসা দরকার।
সংলাপে আরও বক্তব্য রাখেন, কোলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ব্রæস বাকনেল, কোলকাতায় জাপান কনস্যুলেটের কনসাল জেনারেল মাসায়ুকি তাগা, ভারতে দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাগর প্রাসাই, এবং ডিএফআইডি এশিয়া রিজিওনাল টিমের ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্ট এডভাইজর শান্তনু মিত্রা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাটস ইন্টারন্যাশনালের নির্বাহি পরিচালক বিপুল চ্যাটার্জি।

পূর্বাশানিউজ/২৮অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি