সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গাঁজা সেবন নিয়ে ঢাবি ও বুয়েট ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ


গাঁজা সেবন নিয়ে ঢাবি ও বুয়েট ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :
গাঁজা সেবনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় বুয়েট ছাত্রলীগের পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয় বলে জানা গেছে। আহতরা হলেন- সৌরভ, দিব্য, অনিক, মহুরী ও সাদমান। তাদের মধ্যে সাদমানের অবস্থা গুরুতর। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গাঁজা সেবন করা নিয়ে জহুরুল হক হল ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসিফ তালুকদার এর অনুসারী ও বুয়েট ছাত্রলীগের কর্মীদের মধ্য কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে জহুরুল হক হলের ছাত্রলীগকর্মী ইমরানকে বুয়েট ক্যাম্পাসে আটকে রাখে ওখানকার ছাত্রলীগের কর্মীরা।

বিষয়টি জানতে পেরে ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের কর্মীরা ইমরানকে ছাড়িয়ে আনতে যান। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের কর্মীদের হাতে লাঠিসোটা, রড দেখা যায়। এতে একজন আহত হয়। পরে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স ঘটনাস্থলে গিয়ে তাদের নেতাকর্মীদের হলের ভেতর পাঠিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্রজ্যোতি পাটোয়ারী বলেন, জহুরুল হক হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আগে আমাদের ওপর আক্রমণ করে। আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করে।
[এমকে]

ঘটনার বিষয়ে জহরুল হক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার বলেন, বুয়েট ছাত্রলীগ ভুল করে আমাদের কর্মীকে আটক করে রাখে। পরে তাকে আনতে গেলে তারা হামলা করে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, জহুরুল হক হলের এক ছাত্রলীগ কর্মীকে বুয়েট ক্যাম্পাসে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

পূর্বাশানিউজ/২৮অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি