
পূর্বাশা ডেস্ক:
জান্নাত মুমিন বান্দার একমাত্র চাওয়া-পাওয়া। মুমিন হৃদয়ের জল্পনা-কল্পনা সব জান্নাতকেই ঘিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন জান্নাতে যাওয়ার সহজ দুই আমল। যা আমরা সকলেই করতে পারি। তবে শয়তানের ধোকায় পড়ে আমরা বিরত থাকি।
হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন মুসলমান ব্যক্তি দুইটি অভ্যাসে বৈশিষ্ট্যমন্ডিত হতে পারলে সে নিশ্চয় জান্নাতে প্রবেশ করবে। জেনে রাখ! উক্ত বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করা সহজ। সে অনুসারে অনেক অল্প সংখ্যক ব্যক্তিই তা আমল করে থাকে।
এক : প্রতি ফরজ নামাযের পর দশবার ‘সুবহানাল্লাহ’, দশবার ‘আল্হামদু লিল্লাহ’ ও দশবার ‘আল্লাহু আকবার’ বলবে। আবদুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আমি নামাযের পর স্বীয় হাতে গণনা করতে দেখেছি। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, পাঁচ ওয়াক্তে মুখের উচ্চারণে একশত পঞ্চাশবার এবং মীযানে (দাঁড়িপাল্লায়) দেড় হাজার হবে।
দুই : আর ঘুমাতে যাওয়ার সময় তুমি ‘সুবহানাল্লাহ’, ‘আল্লাহু আক্বার’ ও ‘আল্হামদু লিল্লাহ’ একশত বার বলবে, ফলে তা মীযানে এক হাজারে রুপান্তর হবে। তোমাদের মাঝে কে এক দিন ও এক রাতে দ্ইু হাজার পাঁচশত গুনাহে লিপ্ত হয়? (অর্থাৎ এতগুলো পাপও ক্ষমাযোগ্য হবে)।
সাহাবীগণ বলেন, কোন ব্যক্তি সব সময় এরুপ একটি ইবাদাত কেন করবে না! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কেউ নামাযে অবস্থানরত থাকাকালে তার কাছে শয়তান এসে বলতে থাকে, এটা মনে কর ওটা মনে কর। ফলে সেই নামাযী শয়তানের ধোঁকাবাজির মাঝেই রত থাকা অবস্থায় নামায শেষ করে। আর উক্ত তাসবীহ আমল করার সে সুযোগ পায় না। পুনরায় তোমাদের কেউ শোয়ার জন্য শয্যা গ্রহণ করলে শয়তান তার নিকট এসে তাকে ঘুম পাড়ায় এবং সে তাসবীহ না পাঠ করেই ঘুমিয়ে পড়ে। (জামে তিরমিজি হা : ৩৪১০; সুনানে ইবনে মাজাহ হাঃ ৯২৬)
অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১০ বারের স্থলে ৩৩ বারের কথা বলেছেন। কাব ইবনে উজরাহ (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নামাযের পরে তিলাওয়াত করার মত এমন কিছু বিষয় আছে যে, যার তিলাওয়াতকারী কখনো বঞ্চিত হয় না। প্রতি ওয়াক্তের নামাযের পর ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আল্হামদু লিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহু আক্বার’ পাঠ করবে। ( জামে তিরমিজি হা : ৩৪১২; সহিহ মুসলিম)
২০১৭/রুমকী

























































