
ডেস্ক রিপোর্ট :
তিস্তা ব্যারেজের বাম তীরে গাইন বাধেঁ ছাপড়া তুলে ৪ ছেলে মেয়েকে নিয়ে কোনো রকম দিন কাটাচ্ছেন সমসের আলী। দুই মাস আগে তিস্তা নদীর ভাঙনে তার শেষ ভিটামাটি চলে গেছে। এখন দোয়ানী বাজারে কুলির কাজ করেন।
সমসের আলীর স্ত্রী আলেয়া বেগম জানান, আজ থেকে ৩৭ বছর আগে যখন তার বিয়ে হয়, তখন তার স্বামী ৩ থেকে সাড়ে ৩ শত মণ ধান পেত। সারা বছর খেয়ে ২ শত মণ ধান বিক্রি করতো। এখন বাড়ি করার জমি নেই। এক দিন স্বামী কুলির কাজ না করলে হাঁড়িতে চাল উঠে না। সব কিছু ভাগ্যের পরিহাস।
সরেজমিনে দেখা যায়, লালমনিরহাটে তিস্তার চর ও নদী ভাঙা মানুষগুলোর দুঃখ-দুর্দশার শেষ নেই। নদী ভাঙনের কবলে পড়ে বসতভিটা হারিয়ে সর্বশান্ত হচ্ছে প্রতি বছর হাজারও পরিবার। তাদের নেই মাথা গোজাঁর ঠাই। রাস্তা বা অন্যের জমিতে ঝুপড়ি ঘর তুলে আশ্রয় নিয়েছে কোনো রকম।
নদী থেকে পাথর ও বালু তোলা, পাথর ভাঙা, রিক্সা চালানো, মাছ ধরা ও দিন মজুরের কাজ করে জীবন-যাপন করছেন তারা। ঈদ ও পূজার পর এখন এসব দিন মজুর অনেকেই কাজের অভাবে অলস সময় কাটাচ্ছেন। ফলে তাদের অর্ধহারে-অনাহারে দিন কাটছে।
জানা গেছে, লালমনিরহাট জেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ থেকে তিস্তা রেল সেতু পর্যন্ত তিস্তা নদীর বাম তীরে নদী ভাঙন কবলিত হাজার হাজার পরিবার রাস্তা-ঘাট, স্কুলমাঠ ও রেল লাইনের পাশে বসবাস করছে। এসব পরিবারের এক সময় গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ ছিল।
রাস্তায় আশ্রয় নেওয়া নদী ভাঙনের শিকার লোকজনের অস্থায়ী ঘর।
রাস্তায় আশ্রয় নেওয়া নদী ভাঙনের শিকার লোকজনের অস্থায়ী ঘর। ছবি: প্রিয়.কম
কিন্তু সময়ের পরিবর্তনে রাক্ষসী তিস্তার হিংস্র থাবায় সহায় সম্পত্তি সবকিছু হারিয়ে এখন তারা নিঃস্ব। যে যেখানে পেয়েছে সেখানে আশ্রয় নিয়ে বেঁচে আছে। অনেকেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে। আগের পেশা ছেড়ে জীবন জীবিকার তাগিদে কুলি মজুরের কাজও করতে হচ্ছে।
গোটা জেলায় নদী ভাঙনের কারণে শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়লেও নতুন কোন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না। বর্তমানে মাটি কাটা, ধান কাটা, নদী থেকে বালু ও পাথর তোলা কাজ বন্ধ। ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এসব শ্রমিক তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
দোয়ানী এলাকার বৃদ্ধা জসিম মোল্লা ১৯৭০ সালে এস এস সি পাশ করেছেন। বাবার একমাত্র ছেলে হওয়ায় চাকুরী করেন নাই। নদীতে সব কিছু বিলীন হয়ে যাওয়ায় এখন ৬৩ বছর বয়সে ঝাল মুড়ি বিক্রি করছেন। জসিম মোল্লা জানান, আমাকে এ বয়সে ঝাল মুড়ি বিক্রি করতে হবে এ কথা কখনও ভাবিনি।
সব কিছুই যেনো আজ এলোমোলো। বৃদ্ধা করিম বকস, জেদা বিবি, ছলিম ভাটিয়াসহ অনেকেই জানান, তাদের দুঃখ ও কষ্টের নানান কথা। তিস্তা নদী গোটা লালমনিরহাট জেলাবাসীকে শুধু কষ্ট দিয়ে আসছে। দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এ জেলায় অবস্থিত হলেও তার সুবিধা থেকে বঞ্চিত গোটা জেলাবাসী।
সেচ প্রকল্পের কারণে গোটা জেলার অধিকাংশ আজ নদী গর্ভে চলে গেছে। যে কারণে ছিন্নমুল মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু জানান, তিস্তা নদীর ভাঙনের কারণে প্রতি বছর হাজারো পরিবার বসত বাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে প্রতিটি গৃহহীন পরিবারকে পুর্ণবাসনের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, অনেকই জীবন-জীর্বিকার সন্ধানে পরিবার পরিজনদের নিয়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন। এ ছাড়া এ অঞ্চলের একটি বিশাল অংশ দিনমজুর শ্রেণির। বর্তমান এলাকায় তেমন কোনো কাজ না থাকায় তারা কিছু অতিরিক্ত অর্থের আশায় বাইরে যাচ্ছেন। এলাকায় কাজ শুরু হলে তারা আবার ফিরে আসবেন।






















































