
পূর্বাশা ডেস্ক:
মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করে চলে যাওয়া বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের তোপের মুখে ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর সেখানে থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। দেশে এটাই প্রথম কোনো প্রধান বিচারপতির পদত্যাগের ঘটনা।
বয়স অনুযায়ী ২০১৮ সালের ৩১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। কার্যকাল মেয়াদের ৮১ দিন আগেই পদত্যাগ করলেন তিনি। প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণের আগে থেকেই তিনি বিভিন্ন কারণে আলোচিত ছিলেন। পরে নানা ঘটনায় আলোচিত-সমালোচিত হন।
শান্তি কমিটির সদস্য : যুদ্ধাপরাধের এক মামলার শুনানিতে নিজেকে একাত্তরে শান্তি কমিটিতে যুক্ত থাকার কথা তুলে ধরে আলোচিত হন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে তিনি বলেছিলেন, শান্তি কমিটির ছদ্মাবরণে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন।
সরকারের সঙ্গে বিরোধ : প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পর নানা সময়ে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার অভিযোগ তুলেছিলেন তিনি। নিম্ন আদালতের বিচারক নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে তার সঙ্গে সরকারের বিরোধও ছিল আলোচিত।
সহকর্মীর সঙ্গে বাদানুবাদ : অবসরের পর রায় লেখা নিয়ে অবসরপ্রাপ্ত সহকর্মী বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর সঙ্গে তার বাদানুবাদ বিচারাঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়।
ষোড়ষ সংশোধনীর রায় ও সরকারের সঙ্গে বিরোধ : উচ্চাদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রেখে চলতি বছর ৩ জুলাই রায় দেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ১ আগস্ট। এ পূর্ণাঙ্গ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়ে তিনি ৪০০ পৃষ্ঠার পর্যবেক্ষণ তুলে ধরেন। রায় এবং বিশেষ করে পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সরকারপক্ষের বিভিন্ন মহলে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে ৯ আগস্ট রায়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিবৃতি দেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। রায়ের পর্যবেক্ষণ নিয়ে কঠোর সমালোচনাও করেন তিনি। ১০ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির ‘অগ্রহণযোগ্য’ বক্তব্য এক্সপাঞ্জ করার উদ্যোগ নেয়ার কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। ১২ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে দলীয় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রায় নিয়ে ১৩ আগস্ট সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা। ১৬ আগস্ট রায় নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। ২২ আগস্ট প্রধান বিচারপতির দায়িত্ব ছাড়তে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সময় বেঁধে দেয় আওয়ামী সমর্থক আইনজীবীরা। তা না হলে তাকে অপসারণে আন্দোলনের হুমকি দেয়া হয়।
২৪ আগস্ট সুপ্রিমকোর্টের অবকাশ শুরুর আগে শেষ অফিস করেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওইদিন আদালতের কার্যক্রম চলাকালে বক্তব্য ভুলভাবে উদ্ধৃত না করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সুপ্রিমকোর্টের অবকাশের মধ্যে ১০ থেকে ২২ সেপ্টেম্বর বিদেশ সফরে ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ১৩ সেপ্টেম্বর ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং তার কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ হয়। এ সময় জাতীয় সংসদে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার তীব্র সমালোচনা করা হয়।
৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতিদের ডেকে নিয়ে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ‘১১টি সুনির্দিষ্ট অভিযোগ’ তুলে ধরেন বলে পরবর্তীতে (১৪ অক্টোবর) সুপ্রিমকোর্টের বিবৃতিতে জানানো হয়। বঙ্গভবনের বৈঠক থেকে ফিরে পরদিন ১ অক্টোবর আপিল বিভাগের পাঁচ বিচারপতি বিচারপতি ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি ইমান আলী নিজেরা বৈঠক করে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন। এরপর তারা প্রধান বিচারপতির হেয়ার রোডের বাড়িতে গিয়ে এ বিষয়ে কথা বললে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ‘দুর্নীতি, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের’ ওই অভিযোগগুলোর ‘গ্রহণযোগ্য ব্যাখ্যা’ দিতে পারেননি বলে সুপ্রিমকোর্টের বিবৃতিতে বলা হয়।
২ অক্টোবর নানা নাটকীয়তার পর অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর ছুটিতে যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে আরেক আবেদনে ছুটি বাড়িয়ে ১০ নভেম্বর পর্যন্ত করা হয়েছিল। ৬ অক্টোবর প্রধান বিচারপতির খোঁজ নিতে তার বাসায় যেতে চান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থক নেতারা। তবে প্রধান বিচারপতির বাসার পথে পুলিশ তাদের গাড়ি আটকে দেয়। ১৩ অক্টোবর ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় যান প্রধান বিচারপতি সিনহা।
বিদেশ যাওয়ার সময় তিনি এক বিবৃতিতে জানান তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি সাংবাদিকদের বলেন, ক্ষমতাসীনদের সমালোচনায় তিনি বিব্রত, শঙ্কিত। ১৪ অক্টোবর সুপ্রিমকোর্টের বিবৃতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ করা হয়। সিঙ্গাপুর দূতাবাসের মাধ্যমে সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছায় গতকাল (১১ নভেম্বর)।
১২ নভেম্বর, ২০১৭/ রুমকী























































