বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘দেশে গুমের সংখ্যা অনেক কমে গেছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৭


পূর্বাশা ডেস্ক:

দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন।

সম্প্রতি সাংবাদিক উৎপল দাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের নিখোঁজ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই তিনি এ দাবি করেন।

অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস গত ১০ অক্টোবর ঢাকার মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে ৭ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেয়ার পর বিকেল থেকে সিজারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকেই তার কোনো খোঁজ মিলছে না।

সম্প্রতি নিখোঁজ সিজারকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, অচিরেই তাকে উদ্ধার করা হবে। তিনি জানান, অনেক নিখোঁজের ঘটনাকে প্রথমে গুম বলা হয়। কিন্তু পরে দেখা যায়, নিখোঁজ ব্যক্তি নিজে থেকেই ফিরে এসেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুমের সংখ্যা, নিখোঁজের সংখ্যা আপনি যদি বলেন, আমি সেই একই কথা বলব, আমাদের সময় গুমের সংখ্যা অনেক কমে গেছে। এখন যে একটি আলোচিত একজন নিখোঁজ হয়ে গিয়েছেন, আমাদের গোয়েন্দারা চেষ্টা করছেন তাকে উদ্ধার করার জন্য। আমি আশা করি, যেকোনো সময় উদ্ধার হয়ে যাবে।’

মন্ত্রী জানান, রংপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। এরই মধ্যে যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘটনার সূত্রপাত, তাকে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি