
ডেস্ক রিপোর্ট :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে। গতকাল বুধবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন।
সম্প্রতি নিখোঁজ সিজারকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, অচিরেই তাকে উদ্ধার করা হবে। তিনি জানান, অনেক নিখোঁজের ঘটনাকে প্রথমে গুম বলা হয়। কিন্তু পরে দেখা যায়, নিখোঁজ ব্যক্তি নিজে থেকেই ফিরে এসেছেন। আমাদের গোয়েন্দারা চেষ্টা করছেন নিখোঁজদের উদ্ধার করার জন্য। মন্ত্রী জানান, রংপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। এরই মধ্যে যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘটনার সূত্রপাত, তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস গত ১০ অক্টোবর ঢাকার মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। এখন পর্যন্ত তাার কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে ৭ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়ার পর বিকেল থেকে সিজারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছে না।























































