
ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ১০টি দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
১৭ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় বুড়িচং উপজেলার কংশনগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
ফায়ার সার্ভিস কুমিল্লা জেলার উপ-সহকারী পরিচালক ডি এ ডি ফরিদ আহমদ জানান, বিকেলে কংশনগর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরও জানান, আগুনে দুইটি খাবার হোটেল, মোবাইলের দোকান, মুরগি ও ডিমের দোকানসহ অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, ময়নামতি হাইওয়ে পুলিশ ও নাজিরা বাজার ফাঁড়ী পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন।

















































