মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে অবস্থান করছে উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :
বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রশিক্ষণ দেয়ার জন্য বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’ এখন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বিমানটি চট্টগ্রামে অবতরণ করে।

আগামী ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এই হাসপাতাল শাহ আমানতে অবস্থান করে জটিল চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে।

শুক্রবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী জাকির হোসেন সড়কের ইমরান সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং অরবিস ইন্টারন্যাশনাল যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং ন্যাশনাল আই কেয়ার ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় হাসপাতালটি বাংলাদেশে এসেছে। এর আগে ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে আসে অরবিস। এ নিয়ে দশবার বাংলাদেশে ও চতুর্থবারের মতো চট্টগ্রাম সফর করল হাসপাতালটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার আট বিভাগে ৩১৫ জন চক্ষুবিশেষজ্ঞ, নার্স ও বায়োমেডিক্যাল টেকনেশিয়ানকে প্রশিক্ষণ দেবে অরবিস। এছাড়া পাহাড়তলী চক্ষু হাসপাতালের মাধ্যমে চিহ্নিত ২০০ জন চক্ষু রোগীর পরীক্ষা ও ১২০ জন রোগীর চোখের অস্ত্রোপচার করা হবে।

সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অরবিস ইন্টারন্যাশনালের গ্লোবাল মেডিকেল ডিরেক্টর ডা. জনাথন লর্ড, ফ্লাইং আই হসপিটালের ডিরেক্টর জে বার্গিজ ও কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ।

পূর্বাশানিউজ/১৮ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি