রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বারী সিদ্দিকী লাইফ সাপোর্টে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭


পূর্বাশা ডেস্ক:
জনপ্রিয় সংগীতশিল্পী বারী সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনি অকার্যকর এবং তিনি বহুমূত্র রোগে ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী খবরটি নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনি অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়।

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, বছর দুই হলো বাবা কিডনির সমস্যায় ভুগছেন। গতকাল (১৭ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরে যান। সেখান থেকে রাত ১০টার দিকে বাসায় ফেরেন। তখনো স্বাভাবিক ছিলেন তিনি। কোনো অসুস্থতার কথা বলেননি। গভীর রাতে হঠাৎ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে।

গীতিকার শহীদুল্লাহ ফরায়েজি এ বিষয়ে জানান, শুক্রবার (১৭ নভেম্বর) রাতে আমরা এক সঙ্গেই ছিলাম। পরবর্তীতে সে বাসায় গিয়ে খাবার গ্রহণের সময় হঠাৎ ঢলে পড়েন। তখন অচেতন অবস্থায় প্রথমে তাকে একটি নিকটবর্তী হাসপাতালে এবং পরবর্তীতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, অনেকদিন থেকেই তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। নিয়মিত কিডনির ডায়ালাইসিসও করাতেন। বারী সিদ্দিকীর অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন শহীদুল্লাহ। প্রবীণ এ শিল্পীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় তিনটি গান গেয়ে ১৯৯৯ সালে প্রথম আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে তার অনেক গানই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

নভেম্বর ১৮, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি