রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত জলদস্যুসহ নিহত ২


নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত জলদস্যুসহ নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৭

জেলার হাতিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও অন্যজন তার সহযোগী মো. শফিক বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল সোমবার দিবাগত উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় রাত সাড়ে তিনটার দিকে ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি ও ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধারের করেছে র‍্যাব।

অভিযান পরিচালনাকারী র‍্যাব–১১–এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, জলদস্যু সাইফুল বাহিনী বেশ কয়েক দিন ধরে মেঘনার বিভিন্ন এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায়। পরে গতকাল তাদের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‍্যাব অভিযান চালায়। টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সাইফুল বাহিনী। র‌্যাব পাল্টা ‍গুলি চালালে ঘটনাস্থলে দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।

র‍্যাব বলছে, সাইফুলকে তারা শনাক্ত করেছে। স্থানীয় কয়েকজন শফিককে শনাক্ত করেছেন। সাইফুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের নয়টি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

পূর্বাশানিউজ/২১ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি