
পূর্বাশা ডেস্ক:
রিফা আক্তার খানম পুকুরে ডুবে মারা যান সোমবার সন্ধ্যায়। এ সংবাদ শুনে বাড়ি আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার ভোরে মারা যান স্বামী আনোয়ার হোসেন খান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বামনিসাইর গ্রামে ওই দম্পতির বাড়ি। বছরখানেক আগে রিফা ও আনোয়ার প্রেম করে বিয়ে করেন। সম্পর্কে তাঁরা চাচাতো ভাই-বোন ছিলেন।
আনোয়ারের বড় বোন শিউলি বেগম বলেন, তাঁর ভাই ঢাকার রামপুরার একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্ত্রীর মৃত্যুসংবাদ পেয়ে বাড়ি আসছিলেন। পথে হৃদ্রোগে মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রিফা আক্তার খানম বাড়ির পাশের পুকুরঘাটে বসে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় তাঁর হাত থেকে মুঠোফোনটি পুকুরে পড়ে যায়। তিনি পুকুর থেকে মুঠোফোন তুলতে যান। এরপর আর পুকুর থেকে উঠতে পারেননি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে রাতেই গ্রামের দিকে রওনা হন আনোয়ার।
গতকাল ভোরে বুড়িচং উপজেলার কংশনগর বাজারে নেমে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে ফুলতলি-বামনিসাইর সেতুর কাছে অচেতন হয়ে পড়ে যান। কাছেই সড়কের পাশে মাটি কাটছিলেন শ্রমিকেরা। তারা আনোয়ারকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ দুটি গতকাল সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
গ্রামের পাঁচজন বলেন, এক বছর আগে মোখলেছুর রহমান খানের ছেলে আনোয়ারের সঙ্গে হাবিবুর রহমান খানের মেয়ে রিফার বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান ছিল না। একজনের প্রতি আরেকজনের দরদ ছিল অনেক। এ কারণে স্ত্রীর মৃত্যুসংবাদ হয়তো সহ্য করতে পারেননি আনোয়ার।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, রিফা পুকুরে ডুবে মারা যান। তিনি সাঁতার জানতেন না ও মৃগীরোগী ছিলেন। অন্যদিকে আনোয়ার হৃদ্রোগে মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

















































