শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদ্যুৎ সংকটে ক্ষতি হচ্ছে ৫৩ ভাগ ব্যবসায়ীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

গত এক দশকে দেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগ ও উৎপাদন বাড়লেও প্রতিযোগী অন্যান্য স্বল্পোন্নত দেশের তুলনায় এখনও অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। দেশের ৫৩ শতাংশ ব্যবসায়ী বিদ্যুৎ সংকটের ফলে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। অপরদিকে তৈরি পোশাকের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী কম্বোডিয়ার মাত্র ৬ শতাংশ ব্যবসায়ী বিদ্যুৎ সংকটে পড়েন। আর ভুটানের ১২ শতাংশ ব্যবসায়ী নিজ দেশে বিদ্যুৎ সমস্যার কারণে ব্যবসা-বাণিজ্যে সমস্যার কথা জানিয়েছেন।

গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তৈরি করা আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আঙ্কটাডের এ প্রতিবেদনের সঙ্গে দেশের ব্যবসায়ীরাও সহমত পোষণ করেছেন। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সমকালকে বলেন, গত কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক উন্নতি হয়েছে। চার হাজার মেগাওয়াট থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে মানসম্পন্ন বিদ্যুতের হিসাব করলে সব ব্যবসায়ীই ক্ষতির মুখে পড়ছেন। কারণ ২৪০ ভোল্টের বিদ্যুৎ থেকে পাওয়া যাচ্ছে ১৬০ ভোল্ট। তাও আবার নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাচ্ছে না। লাইনের দুর্বলতা রয়েছে। ভোল্টেজের ওঠানামা, লোডশেডিংয়ের কারণে মেশিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন ব্যহত হচ্ছে। ক্যাপটিভ পাওয়ারে উৎপাদন ব্যয় বাড়ছে। ফলে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, সরকারকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার উন্নতি করতে হবে।

তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি সমকালকে বলেন, বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে। আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আঙ্কটাডের কাছে ব্যবসায়ীরা ক্ষতির কথা বললেও সরকারের কাছে এ ধরনের কোনো অভিযোগ নিয়ে কেউ আসেননি বলে তিনি দাবি করেন।

সিপিডি বলছে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে হলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি বিনিয়োগ দরকার। গৃহস্থালির তুলনায় শিল্প ও সেবা খাতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। সুলভ মূল্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। এ খাতের বিনিয়োগে সুশাসন নিশ্চিত করতে হবে। নতুবা বাংলাদেশের লক্ষ্য অর্জন সহজ হবে না। এ জন্য বাংলাদেশকে শুধু সরকারি বিনিয়োগের ওপর নির্ভরশীল না থেকে বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ দিতে হবে।

প্রতিবেদন উপস্থাপনকালে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ১৯৯০ সাল থেকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বাড়ছে। তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে এর সুফল মিলছে না। এলডিসির মধ্যে নেপাল ও ভুটান বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে প্রতি বছর ২০-৩০ শতাংশ হারে বিদ্যুতের নতুন সংযোগ দিতে হবে। ২০১৪ সালের তথ্য ব্যবহার করে তৈরি করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে, যা এশিয়ার এলডিসিগুলোর মধ্যে সর্বনিম্ন। তবে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে।

তিনি বলেন, বাংলাদেশের গৃহস্থালি কাজে ৬১ শতাংশ বিদ্যুৎ ব্যবহূত হচ্ছে। শিল্পে ব্যবহূত হয় মাত্র ২১ শতাংশ। এসডিজি বাস্তবায়ন ও উন্নত দেশ হতে হলে শিল্প ও সেবা খাতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। বাংলাদেশের শহরাঞ্চলের মানুষই মূলত বিদ্যুতের সুবিধা ভোগ করছে। তবুও এটি বিশ্বের গড় বিদ্যুৎ ব্যবহারের তুলনায় কম। পল্লী এলাকার জনগোষ্ঠীর মাত্র অর্ধেকাংশে বিদ্যুৎ সুবিধা রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে এলডিসিগুলোর জন্য প্রতিবেদনে থাকা সুপারিশ তুলে ধরে ফাহমিদা খাতুন বলেন, এমনভাবে নীতিমালা গ্রহণ করতে হবে, যাতে এক খাতের নীতিমালা অন্য খাতের সঙ্গে সাংঘর্ষিক না হয়। কয়লা পরিবেশের জন্য ক্ষতিকর বিধায় নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দিতে হবে। শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে এমন নীতিমালা গ্রহণ করতে হবে, যাতে তা বাস্তবায়ন সম্ভব হয় ও সাশ্রয়ী মূল্যে গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ নিশ্চিত করা যায়। বিদ্যুৎ ও জ্বালানি নীতিমালা প্রণয়নে কৃষি ও শিল্পনীতির সংযোগ ঘটাতে হবে। উৎপাদিত বিদ্যুতের কতটুকু কোন খাতে ব্যবহার করা হবে, তা নিশ্চিত করতে হবে।

সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, গত ১০ বছরে বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ ও প্রাপ্যতা বেড়েছে। তবুও এ খাতে চ্যালেঞ্জ রয়ে গেছে। বাংলাদেশ ২০৪১ সাল নাগাদ ৫৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এই পরিমাণ বিদ্যুৎ ইন্দোনেশিয়া এখনই উৎপাদন করছে। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ বা ২০৪১ সালে উন্নত দেশ হতে হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ভূমিকা রাখতে হবে। এসডিজির তিনটি শর্তের মধ্যে রয়েছে- অর্থনীতির কাঠামোগত রূপান্তর, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশগত ভারসাম্য রক্ষা। সুশাসনের সঙ্গে সুলভ মূল্যে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এই তিন ক্ষেত্রে অগ্রগতি অর্জন সম্ভব। ২০৪১ সালে উন্নত দেশ হতে হলে কৃষির ওপর নির্ভরশীলতা কমিয়ে শিল্প ও সেবা খাতের বিকাশ ঘটাতে হবে। এ জন্য সবার জন্য বিদ্যুৎ-জ্বালানি সুলভ মূল্যে নিশ্চিত করতে হবে।

এক প্রশ্নের জবাবে ফাহমিদা খাতুন বলেন, অনেক দেশ নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সব দেশেরই হালনাগাদ তথ্য পাওয়া সম্ভব হয়নি। তাই ২০১৪ সালের তথ্য ব্যবহার করা হয়েছে। এই প্রতিবেদন বাংলাদেশের বর্তমান অবস্থা পুরোপুরি তুলে ধরতে পারেনি। তবে প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে, তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও প্রযোজ্য। কারণ, ২০৩০ সাল সামনে রেখে এসব সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এলডিসিগুলোকে ২০৩০ সাল নাগাদ বিদ্যুৎ খাতে ১২ থেকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্টভাবে বাংলাদেশকে কী পরিমাণ বিনিয়োগ করতে হবে, এখানে তার উল্লেখ নেই।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসিগুলোর মাথাপিছু জ্বালানি তেল ব্যবহারের গড় পরিমাণ ৩৬৪ কেজি। বাংলাদেশে এ হার মাত্র ২২২ কেজি। এ থেকেই স্পষ্ট- বাংলাদেশ এখনও বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে অন্যান্য এলডিসির তুলনায় অনেক পিছিয়ে। ভুটান, কম্বোডিয়াসহ বিভিন্ন এলডিসি বিদ্যুৎ ব্যবহার করে তাদের উৎপাদনশীলতা যে হারে বাড়িয়েছে, বাংলাদেশ তা এখনও পারেনি।

সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, সময়মতো ও স্বচ্ছতার সঙ্গে বিনিয়োগ করা প্রধান চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে শক্তিশালী নীতিমালা প্রণয়ন করতে হবে।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি