শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যেভাবে হযরত আদম (আ.) বেহেশত থেকে বের হলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইবলিস একটি সুযোগ পেয়ে বসলো। সে হযরত আদম ও হাওয়া (আ.)-এর অন্তরে এই কুমন্ত্রণা দিলো যে এই নিষিদ্ধ বৃক্ষটি অমর বৃক্ষ। এই বৃক্ষের ফল খেলে চিরন্তন শান্তি ও সুখের সঙ্গে বেহেশতে বসবাস করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা অবধারিত হয়ে যাবে। ইবলিস আরো নানা ধরনের শপথ করে তাঁদের মনে এই বিশ্বাসের জন্ম দিলো যে সে তাঁদের হিতাকাঙ্খী, শত্রু নয়। ইবলিসের কথা শুনে হযরত আদম (আ.)-এর মানবিক স্বভাব ও গুণাবলিতে ভুলত্রুটি (ভুলে যাওয়ার ভুল) প্রকাশ পেলো এবং তিনি ভুলে বসলেন যে হুকুমটি আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা ছিলো। কোনো মুরব্বিসুলভ পরামর্শ নয়।

শেষ পর্যন্ত তা অনন্তকাল বেহেশতে বসবাস করা এবং আল্লাহর সান্নিধ্যে থাকার সংকল্পে দোলায়মান অবস্থা সৃষ্টি করে দিলো। ফলে তারা সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন। তা খাওয়ার সঙ্গে সঙ্গে মানবসুলভ অবধারিত অবস্থা মাথাচাড়া দিয়ে উঠলো। দেখতে পেলেন যে তারা দুজনই নগ্ন হয়ে পড়েছেন এবং বেহেশতি পোশাক থেকে বঞ্চিত রয়েছেন। সঙ্গে সঙ্গেই আদম ও হাওয়া উভয়েই গাছের পাতা দিয়ে নিজ নিজ আবরণীয় স্থান (ছতর) ঢাকতে শুরু করলেন। এটা যেনো মানবসভ্যতার শুরু ছিলো যে দেহ আবৃত করার জন্য তাঁরা সর্বপ্রথম গাছের পাতা ব্যবহার করলেন।

এর পরে মানবজাতির আদিপিতা এবং আল্লাহ তাআলার খলিফা হযরত আদম (আ.) নিজের জীবনসঙ্গিনী হাওয়া (আ.)-কে নিয়ে পৃথিবীতে পদার্পণ করলেন। এ-সম্পর্কে আল্লাহপাক বর্ণনা করেছেন, এবং (ব্যাপার এই হলো যে) আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা স্বছন্দে আহার করো, (নিরাপদ ও শান্তিময় জীবনযাপন করো) কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না; (ওই বৃক্ষের নিকটবর্তী) হলে (ফল এই দাঁড়াবে যে) তোমরা  (সীমালঙঘন করে বসবে এবং) অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিলো সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করলো। (অনন্তর শয়তানের কুমন্ত্রণা তাঁদের দোদুল্যমান করে দিলো এবং শান্তি  ও আরামের জীবন থেকে তাদেরকে বের করে দিলো।) আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইলো।(এখন তোমাদেরকে জান্নাতের পরিবর্তে দুনিয়াতে বসবাস করতে হবে।) তারপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণীপ্রাপ্ত হলো। (কতিপয় কালিমা শিখে নিলেন যা আল্লাহর কাছে মাকবুল ছিলো।) আল্লাহ তার প্রতি ক্ষমাপরবশ হলেন। (আল্লাহ আদম (আ.)-এর তওবা কবুল করলেন।) তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। (আদমের তওবা কবুল হলেও বেহেশতের জীবন থেকে তিনি বহিষ্কৃত হলেন। সেই জীবন দ্বিতীয়বার লাভ করা সম্ভব ছিলো। সুতরাং,) আমি বললাম, তোমরা সকলেই এই স্থান থেকে নেমে যাও। (এবং যে-নতুন জীবনের  সূচনা হচ্ছে তা অবলম্বন করো।) পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে (তোমাদের জন্য দুটি পথই খোলা থাকবে) তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে (তারা সফলতা ও সৌভাগ্য লাভ করবে) তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। [সুরা বাকারা: আয়াত ৩৫-৩৮]

হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা আহার করো, (যে-বস্তু পছন্দ হয় তাই শখ করে খাও) কিন্তু (দেখো, এই যে বৃক্ষটি রয়েছে) এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না; হলে (যদি নিকটবর্তী হও, তাহলে স্মরণ রেখো) তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর তাদের লজ্জাস্থান যা তাদের কাছে গোপন রাখা হয়েছিলো তা তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে (তাঁদের উভয়ের অন্তরে) কুমন্ত্রণা দিলো এবং বললো, (এই বৃক্ষের ফল ভক্ষণ করে) পাছে তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী হও এ-জন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্পর্কে (বৃক্ষের ফল খেতে) তোমাদেরকে নিষেধ করেছেন। সে তাদের উভয়ের কাছে শপথ করে বললো, (সে নানা ধরনের কসম খেয়ে খেয়ে তাঁদের মনে এই বিশ্বাসের জন্ম দিলো যে) ‘আমি তো তোমাদের হিতাকাক্সক্ষীদের একজন। এইভাবে সে (শয়তান এই ধরনের কথা শুনিয়ে শুনিয়ে অবশেষে) তাদেরকে প্রবঞ্চনার মাধ্যমে অধঃপতিত করলো। তারপর যখন তারা সেই বৃক্ষ-ফলের আস্বাদ গ্রহণ করলো, তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়লো এবং (যখন নিজেদের অবস্থা দেখে লজ্জা অনুভব করলেন তখনই) তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করি নি এবং আমি কি তোমাদেরকে বলি নি যে শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বললো, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, (আমরা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছি) যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো। (আমাদের ধ্বংসপ্রাপ্তি ছাড়া আর কিছু নেই) তিনি বললেন, তোমরা নেমে যাও,  তোমরা একে অপরের শত্রু এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইলো। (নির্দিষ্ট সময় পর্যন্ত জীবিকানির্বাহের উপকরণ থেকে ফায়দা হাসিল করতে থাকবে) তিনি বললেন, সেখানেই তোমরা জীবনযাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। [সুরা আরাফ : আয়াত ১৯-২৫]

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি