শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার ব্রাাহ্মনপাড়ায় রয়েল হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলের দিকে উপজেলার মাধবপুরে এই ঘটনা ঘটে।

নিহত প্রসূতি মায়ের নাম সোনিয়া আক্তার (১৯)। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর দক্ষিণপাড়ার মোঃ উজ্জল মিয়ার স্ত্রী। রাতে এই ঘটনায় হাসপাতালের চিকিৎসক মোঃ শরীফ আহমেদ ও পরিচালক মোঃ মারুফসহ অজ্ঞাত আরো ৩ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত সোনিয়ার মা মনোয়ারা বেগম।

নিহতদের স্বজনের কাছ থেকে জানা যায়, বুধবার দুপুরে রয়েল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সোনিয়া আক্তারের বাচ্চা প্রসবের জন্য অস্ত্রপাচার করেন চিকিৎসক মোঃ শরীফ আহমেদ। অস্ত্রপাচার শেষে বাচ্চা অসুস্থ বলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর পরামর্শ দেন চিকিৎসক। বাচ্চাটিকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মৃত বলে জানায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

আরো দুই ঘন্টা পর মা সোনিয়া আক্তারের অবস্থা আশংকাজনক জানিয়ে তাকে এম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ডাক্তার শরীফ আহমেদ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মা সোনিয়া আক্তারকেও মৃত বলে জানায় চিকিৎসক।

এই ঘটনার পর কৌশলে পালিয়ে যায় চিকিৎসক মোঃ শরীফ আহমেদ। ঘটনা জানাজানি হলে রয়েল হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার ভাংচুর করে নিহতের ক্ষুব্ধ স্বজনরা। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে রাতে থানায় মামলা দায়ের হয়েছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি