
পূর্বাশা ডেস্ক:
চট্টগ্রাম পর্বে দুপুর ১টায় শক্তিশালী রংপুরের বিপক্ষে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। নিজেদের মাঠে টানা তিন জয়ে শুরু করা দলটি সেই দারুণ ছন্দ আর ধরে রাখতে পারেনি। ঢাকা ও চট্টগ্রাম পর্বে জয় না পাওয়ায় ৯ ম্যাচে ৪ হারে ৭ পয়েন্ট নিয়ে দলটি এখন তালিকার ৫ম স্থানে। বাকি মাত্র তিন ম্যাচ। বিপিএলে শেষ চারে টিকে থাকার লড়াইয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের ম্যাচে সিলেটের জয়ের কোনো বিকল্প নেই।
ঢাকা পর্বে তাদের শেষ দুই ম্যাচ ভাইকিংস ও শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। বলতে গেলে শেষ তিন ম্যাচে তাদের জিততেই হবে। এমন অবস্থায় দলের উপর চাপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু দলের সেরা বোলার পেসার আবুল হাসান রাজু স্পষ্ট জানিয়ে দেন তারা কোনো চাপে নেই। এমনকি নয়া ফ্র্যাঞ্চাইজিও ক্রিকেটারদের উপর কোনো চাপ দিচ্ছে না। রাজু বলেন, ‘না, কোনো চাপ নিয়ে মাঠে নামছি না। এমনকি আমাদের দলের এমন চিন্তাও নেই যে বাকি ম্যাচ কয়টাতে জিততে হবে! আমাদের এক মাত্র উদ্দেশ্য হলো ভালো খেলা। মাঠে লড়াইয়ে ভালো খেলতে চাই। আমরা দারুণ শুরু করলেও জয়ের ধারা ধরে রাখতে পারিনি। ভালো খেলার পাশাপাশি আমাদের কিছুটা ভাগ্যের সহযোগিতাও প্রয়োজন।’
বিপিএলের পঞ্চম আসর সিলেট সিক্সার্স শুরু করেছিল নিজেদের ভেন্যুতে। গেল আসরে চ্যাম্পিয়ন ঢাকাকেই শুধু নয় তারা হারিয়েছিল রানার্সআপ রাজশাহী কিংসকেও। দলে বড় কোনো নামিদামি ক্রিকেটার না থাকলেও দেশি-বিদেশি পারফরমারদের উপরই আস্থা ছিল তাদের। কিন্তু শুরুতে বড় স্বপ্ন দেখানো দলটি কেন এমন হারের বৃত্তে।
অন্যদিকে জয়-পরাজয়ের দোলাচালের মধ্যে আছে রংপুর রাইডার্স। দলে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম দুই বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম থাকার পরও নিজেদের নৈপুণ্যে ধারাবাহিকতা নেই দলটির। যে কয়েকটি ম্যাচ জিতেছে তারা সবই ছিল রুদ্ধশ্বাস লড়াইয়ের ফল। ৮ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে তারা এই মুহূর্তে আছে চার নম্বরে। এখন আরও ওপরের দিকে ওঠার লড়াই তাদের। শেষ মুহূর্তের ম্যাচগুলো চলে এসেছে। শেষ চারে ওঠার জন্য এখন ধারাবাহিক জয়ের আশায় আছে মাশরাফি বিন মর্তুজার দলটি।
























































