শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কেন আপনি ইখলাসের সাথে আমল করবেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আভিধানিক অর্থে ইখলাস হলো কোন বস্তুকে খালি কর বা পরিষ্কার করা। শরীআতের পরিভাষায় ইখলাস দ্বারা উদ্দেশ্য কী -তা নির্ণয়ে বিজ্ঞ আলিমগণ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। কেউ বলেছেন, ইখলাস হলো, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে গ্রহণ করা। যেমন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। (কাহাফ, আয়াত: ১১০)কারো মত হলো, অন্তরকে পঙ্কিলতায় মজ্জিত করে, এমন যাবতীয় নোংরামী ও অসুস্থতা থেকে অন্তরকে পবিত্র করা। ভিন্ন কারো মত-স্বতঃপ্রণদিত হয়ে আল্লাহর আনুগত্যে আত্মনিবেদন।ইখলাসের মর্যাদা: প্রকৃতপক্ষে, ইখলাসই হলো দীন ইসলামের মূল বিষয়। আল্লাহপাক ইরশাদ করেছেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয় নি যে, তারা খাঁটি মনে (ইখলাসের সাথে)

একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। (বাইয়্যেনাহ, আয়াত: ৫) আল্লাহপাক আরো ইরশাদ করেছেন, বলুন, আমি ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি। ( আয-যুমার, আয়াত: ১১)  অন্য একটি আয়াতে আরো এসেছে, আপনি ইখলাসের সাথে ইবাদত করুন। জেনে রাখুন, ইখলাসপূর্ণ ইবাদতই আল্লাহর জন্য। (আয-যুমার, আয়াত: ২-৩)উক্ত আয়াতগুলোতে আল্লাহপাক ইখলাসপূর্ণ ইবাদতকেই তার জন্য স্বীকৃতি প্রদান করেছেন-অল্প হোক কিংবা বেশি, বৃহৎ কিংবা ক্ষুদ্র, যে কোনো ধরণের শির্ক হতে যা বিমুক্ত। আয়াতগুলো স্পষ্ট ঘোষণা করে যে, ইসলামে ইখলাস এক গুরুত্বপূর্ণ শর্তের নাম, সকল আম্বিয়া এ প্রক্রিয়ারই স্বীকৃতি বহন করেন, দীনের প্রতিটি ক্ষেত্রে, শরীআতের প্রতিটি অনুঘটনায় ইখলাসের অনুসন্ধান প্রমাণ করে ইখলাসের মার্যাদা ও গুরুত্ব। অন্য একটি আয়াতে আল্লাহপাক ইরশাদ করেছেন, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমরা প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। (নাহল, আয়াত: ৩৬)

ইবন কাসির (রহ.) বলেন, এ আদেশ নিয়ে রাসূলগণ পৃথিবীতে আগমন করেন। নূহ (আ.) যে জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন, সে জাতির মাঝেই সর্বপ্রথম যখন শির্কের উৎপত্তি হয়, তখন তাকে মানব জাতির জন্য প্রথম রাসূল হিসেবে প্রেরণ করা হয়, যে ধারাবাহিকতার সমাপ্তি ঘটে নবী মুহাম্মাদ (সা.) এর মাধ্যমে, যার দাওয়াত বিস্তৃত ছিল জিন্ন-ইনসান ও পৃথিবীর সকল জাতিবর্গের জন্য। ইখলাসের গুরুত্ব : ইখলাসের গুরুত্ব ও মর্যাদা অনেক। ইখলাস নফসের জন্য কঠিন একটি বিষয়। কারণ, নফস এবং প্রবৃত্তি ও নফসের আকাঙ্খার মাঝে ইখলাস এক কঠোর দেয়াল ও বাধা হয়ে নিজেকে উপস্থিত করে। নিজ প্রবৃত্তি, সামাজিক অবস্থা ও শয়তানের কুমন্ত্রণা মোকাবেলা করে ইখলাস ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। এর ওপর অটল থাকতে সংগ্রাম ও অধ্যবসায়ের প্রয়োজন। এ সংগ্রাম শুধু সাধারণ মানুষ করবে তা কিন্তু নয় বরং আলিম-উলামা, ইসলাম প্রচারক ও নেককার-মুত্তাকী সকলের প্রয়োজন।ইখলাসের সুফল: ইখলাসের ফলাফল রয়েছে অনেক। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো:১. জান্নাত লাভ: পবিত্র কুরআনে মহান আল্লাহপাক ইরশাদ করেছেন, কিন্তু তারা নয় যারা আল্লাহুর একনিষ্ঠ (ইখলাস অবলম্বনকারী) বান্দা। তাদের জন্য রয়েছে নির্ধারিত রিযিক; ফলমূল, তারা হবে সম্মানিত, সুখদ কাননে। (আস-সাফ্ফাত, আয়াত: ৪০-৪৩)২.

আমল কবুল হওয়া: ইখলাস হলো আমল কবুলের শর্ত। ইবন কাসীর (রহ.) বলেছেন: দুটো শর্তের ব্যতীত আল্লাহপাক  আমল গ্রহণ করবেন না। প্রথম শর্ত হলো আমলটি শরীআত অনুমোদিত হতে হবে। দ্বিতীয় শর্ত আমলটি ইখলাস সহকারে শির্কমুক্ত ভাবে আদায় করতে হবে। (তাফসীরে ইবন কাসীর)৩. আখিরাতে রাসূল (সা.) এর শাফাআত লাভ: বান্দা ইখলাস অবলম্বনের ক্ষেত্রে যত বেশি অগ্রগামী হবে সে কিয়ামতের দিন তত বেশি শাফাআত লাভের ক্ষেত্রে এগিয়ে যাবে। আল্লাহর রাসূলের হাদীস এর প্রমাণ। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন আমার শাফাআত দ্বারা সবচেয়ে ভাগ্যবান হবে ঐ ব্যক্তি যে ইখলাসের সাথে বলেছে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। (বুখারী)

পূর্বাশানিউজ/২৮ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি