শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কেন আল্লাহকে ভয় করতে হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

তাকওয়া অর্থ ‘ভয় করা’, ‘ছেড়ে দেওয়া’ ও ‘বেঁচে থাকা’। পরিভাষায় বলা হয়, আল্লাহ তায়ালার ভালোবাসায় প্রবৃত্তির চাহিদা থেকে বিরত থাকা। গুণাহের সর্বপ্রকার কার্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। অশ্লীল কথাবার্তা, নির্লজ্জ কথোপকথন ও ব্যভিচার ইত্যাদি থেকে বিরত থাকা। তাকওয়াপূর্ণ জীবন জান্নাতি জীবন। এরই মাধ্যমে জ্ঞান বৃদ্ধি, আধ্যাত্মিক পবিত্রতা ও সফলতার দুয়ার উন্মোচিত হয়। মহান প্রভুর সান্নিধ্য সহজ হয়। আল্লাহ তায়ালা কুরআনে বলেন, নিশ্চয়ই মুত্তাকীদের (আল্লাহকে ভয়কারীদের) জন্য আল্লাহর কাছে সুখময় জান্নাত রয়েছে। (সূরা কলম-৩৪)

দুনিয়ার মোহে পড়ে যারা প্রভুকে ভুলে যায়, তাদের মনে অশান্তির ছায়া পড়ে। কোথাও তারা আনন্দের ছিটেফোঁটা পায় না। ন্যায়ের রাস্তা ছেড়ে অন্যায়ের পথে যারা তাকওয়াপূর্ণ জীবন ভুলে গিয়ে প্রবৃত্তির জীবন বেছে নিয়েছে। তাদের জন্য পৃথিবী অশান্তিময় হবে। আর আল্লাহতে যারা ভীত হবে। তাদের জন্য সুখ হবে পথে পথে।

যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তিনি তার জন্য রাস্তা তৈরি করে দিবেন (গুনাহ থেকে বেঁচে থাকার) এবং তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন, যা সে কখনো কল্পনাই করেনি। (সূরা তালাক-২-৩)

হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো। তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। (সূরা আহযাব-৭১) নিঃসন্দেহে আল্লাহ তায়ালার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে ব্যক্তি, যে সর্বোচ্চ খোদাভীরু। (সূরা হুজুরা-১৩) যে ব্যক্তি ইমান গ্রহণ করলো এবং তাকওয়া অবলম্বন করে, তার জন্য দুনিয়াতেই সুসংবাদ রয়েছে। (সূরা ইউনুছ-৬৩, ৬৪)
জীবনে সুখ পাওয়ার জন্য তাকওয়ার বিকল্প নেই। তাই তাকওয়া একজন মুসলমানকে জান্নাতের পথে খুব দ্রুত নিয়ে চলে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসুল সা. বলেছেন, হে আল্লাহ! আমি তোমার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও পরিপূর্ণতা কামনা করছি। (সহীহ মুসলিম-১০৫৯)

হযরত আবু উমামা সুদাই ইবনে আজলান বাহিলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের ভাষণে বলতে শুনেছি, তোমরা আল্লাহকে ভয় কর, ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো, নিজেদের মালের যাকাত দাও এবং নিজেদের আমিরের আনুগত্য করো, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযি শরীফ-৫৫৯) আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাকওয়াপূর্ণ জীবনের পথে চলার তাওফিক দান করুন। আমিন!

পূর্বাশানিউজ/২৯ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি