
পূর্বাশা ডেস্ক:
গত ২৯ নভেম্বর শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব। এই পর্ব শেষে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। আজ থেকে মিরপুরে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ পর্বে জমজমাট লড়াই। চলমান এই আসরের পর্দা নামবে ১২ ডিসেম্বর।
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে গতবারের রানার্স-আপ রাজশাহী কিংস।
অদ্যাবধি ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ইতোমধ্যে শেষ চার নিশ্চিত হয়ে গেছে তামিমদের। অপরদিকে ৯ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে মাশরাফির দল। রংপুরের সামনে শেষ চারের আশা এখনো ঝকঝকে। বাকী ৩ ম্যাচের দু’টিতে জিতলেই শেষ ৪ নিশ্চিত হয়ে যাবে রংপুরের।
শেষ চারের লড়াইয়ে আছে ঢাকা এবং রাজশাহীও। ১০ খেলায় ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে সাকিবের ঢাকা। লিগ পর্বে তাদের দু’টি ম্যাচ বাকী রয়েছে। বাকী দু’টি ম্যাচ থেকে একটি জিতলেই শেষ ৪ নিশ্চিত হবে লুইস-আফ্রিদিদের। রাজশাহীর হাতেও আছে দুটি ম্যাচ। শেষ চারের টিকিট কাটতে হলে দু’টি ম্যাচ জেতার পাশাপাশি ঢাকা-রংপুরের খারাপ ফলাফলের জন্য প্রার্থনা করতে হবে ড্যারেন স্যামিদের।
























































