
পূর্বাশা ডেস্ক:
নবী করিম (সা.) একবার শুনতে পেলেন, তাঁর একজন সাহাবি অসুস্থতায় শয্যাশায়ী। তাকে তিনি দেখতে গেলেন এবং তার শিয়রে বসে কুশলাদি জিজ্ঞেস করতে লাগলেন।
অসুস্থ সাহাবি চোখ মেলে যেই না দেখতে পেলেন, স্বয়ং নবী করিম (সা.) তার শিয়রে উপস্থিত এবং তার অসুস্থতার খোঁজ নিতে এসেছেন, তখন তার দেহে যেন নতুন প্রাণের সঞ্চার হলো। তার খুশি ও আনন্দ কে দেখে। মুহূর্তে নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে বলতে থাকেনÑ আহ! এ অসুস্থতাই আমার সৌভাগ্যের ধন। এর কারণেই নবীকুল শিরোমণি দোজাহানের নয়নমণি আজ আমাকে দেখতে এসেছেন। এখন আমি সুস্থ, রোগবালাইমুক্ত। সৌভাগ্যময় সেই দুঃখ, যা বয়ে আনে সুখের সওগাত। হৃদয়গ্রাহী সে ব্যথা, যা প্রিয়তমকে কাতর করে আমার জন্য। আল্লাহর খাস রহমত ছিল তাই আমি অসুস্থ হয়েছি। রোগশয্যায় প্রিয়নবী (সা.) এর পরশ পেয়েছি। আমি আজ ঘুমাব না। কিছু সময় কাটিয়ে দেব নবীর স্নেহের পরশ ছায়ায়। মওলানা রুমি বলেন, হ্যাঁ তোমার জীবনে যদি কখনও শীতের প্রকোপ নামে, মন খারাপ কর না। কেননা এই শীতের বুকেই লুকিয়ে আছে শত বসন্ত। কাজেই শীতের ভেতরে তুমি বসন্তের সন্ধান করো। মৃত্যুর গলিতে খুঁজে নাও অনন্ত জীবন।
“অ’ন বাহা’রা’ন মুযমের আস্ত আন্দর খাযা’ন
দর বাহা’র আস্ত অ’ন খাযা’ন মাগুরীয আযা’ন”
‘সেই বসন্ত লুক্কায়িত শীতের প্রকোপের মাঝে,
বসন্তে আছে সেই শীতকাল, পালাবে না তাত্থেকে।’
“হামরা’হে গম বা’শ ও বা’ ওয়াহশাত বেসা’য
মী তলব দার মর্গে খোদ ওমরে দারা’য’
‘দুঃখের সাথে বাস কর, যত ভয় জয় করে চল,
মৃত্যুর গলিতে সন্ধান কর অনন্ত জীবনের স্বাদ।’
নবীজি অসুস্থ সাহাবিকে আদরের পরশ বুলিয়ে জানতে চাইলেন, আচ্ছা তুমি কি কখনও এমন কোনো দোয়া করেছ, যে কারণে এ অসুখটা হলো? ব্যাপারটা যেন মনে হয় খাবার গ্রাসের সঙ্গে বিষাক্ত কিছুু তোমার ভেতরে প্রবেশ করেছে।
সাহাবি বলেন, ইয়া রাসুল্লাল্লাহ! আমার তো এমন কোনো কথা মনে পড়ে না। তবুও আপনার পবিত্র মুখের এ জিজ্ঞাসার জবাব আমি পাই কিনা ভেবে দেখি।
নূরের নবী (সা.) এর আগমনে আলোকিত হয়েছিল সাহাবির বাড়িঘর, অন্তর-নগর। হৃদয়ে উদ্ভাসিত আলোতে তার স্মৃতিতে ভেসে উঠল তখন অতীত জীবন। সবিনয়ে বলেন, ইয়া রাসুল্লাল্লাহ! এ মুহূর্তে আমার মনে পড়ে, আমি একটি বড় ভুল করে ফেলেছি। আমি যখন গোনাহের পঙ্কিলতায় হাবুডুবু খাচ্ছিলাম, তখন উদ্ধার পাওয়ার জন্য হাত-পা ছোড়াছুড়ি করছিলাম। কোনো উপায় খুঁজছিলাম গোনাহের আবর্ত থেকে বেরিয়ে আসার জন্য। তখন আপনার পবিত্র জবান হতে শুনতে পেতাম, গোনাহের ভয়াবহ পরিণামের নানা বর্ণনা, আর ভয়ে বিচলিত হয়ে পড়তাম। তখন উপায় না দেখে আল্লাহর দরবারে কান্নাকাটি করছিলাম। ফরিয়াদ জানিয়েছিলাম, প্রভুুহে! আমাকে রোগ-শোকের আগুনে নিক্ষেপ কর। এই জগতেই আমার পাপের শাস্তি দিয়ে দাও, আমার অবাধ্য নফসকে বশীভূত করে দাও। বাবেল শহরে যেভাবে হারুত-মারুতকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিলে আমাকেও সেরূপ পরীক্ষায় জর্জরিত কর। পরিত্রাণ দাও। আগুনে পোড়া স্বর্ণের মতো নিখাদ করে দাও।
কিন্তু দেখছি, আজ যদি আপনি আমার খোঁজ না নিতেন, আমি সম্পূর্ণ দেউলিয়া হয়ে যেতাম। আমার কপাল পোড়া যেত। নবীজি বলেন, হায়! হায়! এমন দোয়া করতে নেই। তুমি দুর্বল, অসহায়। আল্লাহ তায়ালা পাহাড়ের বিরাট পাথর এনে তোমার মাথায় রাখবেন, তা বহন করার ক্ষমতা কি তোমার আছে? কীভাবে এমন দোয়া করলে তুমি? কখনও না, জীবনে কখনও এমন দোয়া আর করবে না।
সাহাবি ভুল বুঝতে পারলেন। বলেন, ইয়া রাসুল্লাল্লাহ! এ মুহূর্তে আমি তওবা করলাম, আর কখনও বড় বড় কথা বলব না। আল্লাহর সমীপে তুচ্ছ অসহায় নিবেদিতপ্রাণ হয়ে থাকব। আমি বুঝতে পারিনি। ভুল পথে ছিলাম। আপনি পথ দেখিয়েছেন। আল্লাহর কাছে চাওয়ার পাওয়ার সঠিক পথ বাতলে দিয়েছেন। আপনি আমার কাছে মুসা (আ.) এর মতো হয়ে আবির্র্ভূত হয়েছেন। যিনি তিহ প্রান্তরে দিশকুলহারা জাতিকে মনজিলে মকসুদ, সঠিক গন্তব্যের পথ দেখিয়েছিলেন। আমার অবস্থা তিহ প্রান্তরের মানুষগুলোর মতো ছিল। বছরের পর বছর পথ চলে যখন লক্ষ করেছি, আমি কোথায়? দেখি, সেই আগের জায়গায় ঘুরপাক খাচ্ছি। আল্লাহকে পাওয়ার, আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহর কাছে যাওয়ার সাধনায় নিজের জ্ঞানবুদ্ধির খুঁটিতে আমার রশি বাঁধা, তাই জীবনের ঘানি টানছি তো টানছি, এক জায়গায় গোয়ালেই বাঁধা আছি।
“সা’লহা’ রাহ মী রাভীম ও দার আখীর
হামচুনা’ন দর মনজিলে আউয়াল আসীর”
‘বছরের পর বছর পথ চলি আর দেখি অবশেষে,
বাঁধা আছি সেই মনযিলে, যেখানে ছিলাম শুরুতে।’
পয়গম্বর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবিকে আল্লাহর কাছে দোয়া করার পথ বাতলে দিলেন। বলেন, আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ জানাবেÑ প্রভু হে আমার সব কঠিন বালামুসিবত আসান করে দাও। বিপদাপদ আপন দয়ায় দূর করে দাও।
“আতিনা’ ফি দা’রে দুনিয়া’না হাসান
আতিনা’ ফি দা’রে উকবা’না’ হাসান।”
‘দাও আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ
দাও আমাদের পরপারের জীবনেও কল্যাণ।’
সূরা বাকারার ২০১ নম্বর আয়াতের শিক্ষা ও মোনাজাত হোক তোমার জীবনের সাধনা। আরও বলো;
“রা’হ রা’ বার মা’ চো বুস্তা’ন কুন লতীফ
মনযিলে মা’ খোদ তু বা’শী আই শরীফ”
‘পথ চলা আমাদের কর ফুলবনসম কুসুমাস্তীর্ণ
আমাদের মনজিল তো তুমিই ওহে মহাসম্মানিত।’
আখেরাতের পথচলাকে আমাদের জন্য ফুলবনের মতো সহজ, আনন্দময় ও কুসুমাস্তীর্ণ কর। কেননা হে মহামহিম আল্লাহ! আমাদের শেষ গন্তব্য তো তুমিই! তোমার কাছেই যেতে চাই। তোমাকেই চাই। কাজেই যাওয়ার পথ সহজ করে দাও।

























































