শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার ও ফুলছড়ি মুক্ত দিবস আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজ ৪ ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বার ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের রক্তঝরা এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে দেবিদ্বার ও ফুলছড়ি মুক্ত হয়েছিল।

একাত্তরের ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে হানাদারদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। এদিন মুক্তিবাহিনী কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ ব্রিজটি মাইন বিস্ফোরণে উড়িয়ে দেয়।

মিত্র বাহিনীর ২৩ মাউন্টেড ডিভিশন এ অভিযান পরিচালনা করে। ৪ ডিসেম্বর দেবিদ্বার শত্রুমুক্ত হয় এবং উল্লসিত জনতা স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের আনন্দে মেতে উঠেন।

অপরদিকে, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর তৎকালীন রাজশাহী বিভাগের ১১ নম্বর সেক্টরের আওতাধীন গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা ও তিস্তামুখ রেলওয়ে ফেরিঘাট পাকিস্তানি হানাদারমুক্ত হয়েছিল। এই দিনে সেখানে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা।

১১নং সেক্টরের কোম্পানি কমান্ডার রোস্তম আলী খন্দকারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ফুলছড়ির গলনারচরে ক্যাম্প করে। পরে পার্শ্ববর্তী সাঘাটা পুলিশ স্টেশনসহ বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়।

৪ঠা ডিসেম্বর ভোরে গেরিলা কমান্ডরের একটি দল সর্বপ্রথম ফুলছড়ি থানা (পুলিশ ষ্টেশন) আক্রমণ করে উপর্যুপরি গ্রেনেড হামলা ও গুলি বর্ষণ শুরু করলে অপর ৩টি দলের মুক্তিযোদ্ধারাও চারিদিক থেকে গোলা বর্ষণের মাধ্যমে পাক সেনাশিবিরের দিকে এগুতে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফুলছড়ি থানার পুলিশ সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে।

পূর্বাশানিউজ/০৪ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি