
পূর্বাশা ডেস্ক:
১৩ বছরের নিচে ফেসবুক ব্যবহারকারী বাচ্চাদের জন্যে ম্যাসেঞ্জার কিডস নামের একটি অ্যাপ্লিকেশন চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সোমবার থেকে চালু হওয়া এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুকে শিশুরা অবাধে তাদের যোগাযোগ বজায় রাখতে পারবে এবং সেই সাথে তারা কি করছে সে সম্পর্কে তাদের অভিভাবকরাও অবহিত থাকবেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ।
ফেসবুক সাধারণত ১৩ বছরের নিচের কাওকে আইডি খুলতে দেয় না। তবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিশুরাও এখন ফেসবুকের অংশ হতে পারবে, ফলে তাদের মাঝে ফেসবুকের জনপ্রিয়তাও বাড়বে।
অভিভাবকদের তত্ত্বাবধানে থাকে এমন অ্যাপ্লিকেশন আগেই ছিল , যার মাধ্যমে শিশুরা যোগাযোগ করতে পারতো । এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, পরিসংখ্যান থেকে তারা জানতে পারে শিশুরা প্রতিনিয়তই প্রযুক্তি ব্যবহার করছে । কিন্তু তারা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছে তা বড়দের জন্যে তৈরি , এ কারনে অভিভাবকদের মনে এক ধরণের ভীতি তৈরি হয়েছে । কিন্তু তাই বলে অভিভাবকরা তাদের সন্তানদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে চান না, তবে তারা নিয়ন্ত্রিত একটি উপায় চান যাতে তারা তাদের সন্তানদের উপর নজর রাখতে পারবেন । বাজারে বর্তমানে এই ধরণের অ্যাপ্লিকেশনের পরিমাণ খুবই কম।
লরেন সভেন্সন ফেসবুকের এক কর্মকর্তা জানান, তারা দেখতে চায় কিভাবে বাচ্চারা এটি ব্যবহার করছে এবং এই ব্যবহার তাদের ভবিষ্যতে এই অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয় আপডেট করতে সাহায্য করবে ।
এই অ্যাপ্লিকেশনটি অভিভাবকদের মূল ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়ন্ত্রন করা যাবে। যার মাধ্যমে তাদের সন্তান কর্তৃক পাঠানো বা গ্রহনকৃত সকল ছবি , ভিডিও , টেক্সট ম্যাসেজ অভিভাবকরা দেখতে পারবে। এই ছাড়াও এই অ্যাপ্লিকেশনে অভিভাবকের অনুমতি ছাড়া নতুন বন্ধু বানানো যাবে না ।
সোমবার এই অ্যাপ্লিকেশনটির উদ্ভোধনী অনুষ্ঠানে সভেন্সন বলেন, ‘এটি একটি প্রাথমিক প্রদর্শনী কারন আপাতত এই অ্যাপ্লিকেশন শুধু যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। অ্যাপ্লিকেশনটি শুধু আইওএস অথবা অ্যাপেলের নিজস্ব সিস্টেমে চলে এইরকম কোনো ডিভাইসে চলবে। এই অ্যাপ্লিকেশনটি তৈরি এবং চালুতে ১৮ মাস সময় লেগেছে।’
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তারা ১২০০ অভিভাবকের সাথে , শিশু বিশেষজ্ঞদের সাথে, শিক্ষক-অভিভাবক সংস্থা, দ্য ইয়েল সেন্টার ফর ইমোশোনাল, কানেক্ট সেফটি, সেন্টার অন মিডিয়া এবং শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছে এই অ্যাপ্লিকেশনটি তৈরির আগে।
























































