
পূর্বাশা ডেস্ক:
বৈরি আবহাওয়ার কারণে সারাদেশে টিপটিপ বৃষ্টি হচ্ছে। যার প্রভাব পড়েছে বিপিএলেও। যদি বৃষ্টি থেমে কার্টেল ওভারে খেলা গড়ায়, তাহলে সর্বনিম্ন ৫ ওভার করে খেলা হবে। সেটি না হলে কাট অফ টাইমের পরে সুপার ওভার (১ ওভার) অনুষ্ঠিত হবে। সুপার ওভারেও খেলা সম্ভব না হলে বাইলজ অনুসারে ম্যাচের নিষ্পত্তি হবে।
অর্থাৎ ডেডলাইন প্রায় রাত ৯টা। এই সময়ের মধ্যে মাঠে বল না গড়ালে পরিত্যক্ত হয়ে যাবে ম্যাচটি। তাতে করে বৃষ্টির পাশাপাশি জয়টা ভিড়বে কুমিল্লার ঘাটে। সরাসরি শিরোপার মঞ্চে চলে যাবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। স্বপ্নভঙ্গ হবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের।
মানতে পারছেন না রংপুরের দলনেতা। রীতিমত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ম্যাশ বলেন, ‘আসলে প্রকৃতির ওপর তো কারো হাত থাকে না। কিন্তু খুব ভালো হতো একটা রিজার্ভ ডে থাকলে। কারণ, বিপিএলের মতো একটি টুর্নামেন্টের সেমিফাইনাল যদি বৃষ্টির কারণে বাতিল হয় তাহলে সেটা তো দুঃখের।’
বিপিএলের বাইলজ অনুযায়ী, কোয়ালিফায়ার রাউন্ডে নেই কোনো রিজার্ভ ডে। ফলে বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে প্রথম রাউন্ডের জয়-পরাজয় ও মুখোমুখি লড়াইয়ের ফলাফল বিচার-বিশ্লেষণ করা হবে। যে হিসেবে কুমিল্লার কাছে মার খাবে রংপুর।
কারণ প্রথম রাউন্ডে জয়ের দিক দিয়ে কুমিল্লার চেয়ে অনেক পিছিয়ে রংপুর। কুমিল্লার জয় যেখানে ৯টি, রংপুরের সেখানে মাত্র ৬টি। মুখোমুখি লড়াইয়েও খারাপ অবস্থানে মাশরাফির রংপুর। প্রথম রাউন্ডের দুই ম্যাচেই কুমিল্লার কাছে হারতে হয়েছে রংপুরকে। তার মানে আজ মাঠে বল না গড়ালে ফাইনালের টিকিট পৌঁছে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ঘরে। কোপে পড়বে মাশরাফি-গেইলের রংপুর রাইডার্স।
এমন সমীকরণ দেখে খুশি হওয়ারই কথা কুমিল্লা ভক্তদের। কিন্তু বৃষ্টিতে খেলা না হলে কুমিল্লা ফাইনালে, নাকি অন্য হিসেব? ইঙ্গিত দিলেন বিপিএল টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস। যে নিয়মের কথা এখন পর্যন্ত বলবৎ আছে, সেটা প্রাথমিক বাইলজ বা প্লেয়িং কন্ডিশন। কিন্তু প্লেয়িং কন্ডিশনে নাকি এও বলা আছে, টুর্নামেন্ট কমিটি বিপিএলের স্বার্থে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় বাইলজে পরিবর্তন আনার ক্ষমতা রাখে।
তাই যে আইনে কুমিল্লাকে বিজয়ী ঘোষণার কথা বলা হয়েছে শেষমেশ সে আইন কি-না বদলে যায়!
























































