
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে বাঁ পায়ে চোট পান রংপুর রাইডার্সের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। সে ম্যাচে ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি তিনি। ৩ রানে আউট হন মেহেদী হাসানের বলে। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়ে ছিলেন না গেইল। তার পরিবর্তে ফিল্ডিং করেছেন অ্যাডাম লিথ। গেইলকে না দেখে ভক্তদের মনে খটকা লাগতেই পারে।
তবে ফাইনালের আগে গেইল ভক্তদের জন্য সুখবরই দিলেন রংপুরের দলনেতা মাশরাফি বিন মুর্তজা। ‘গেইলের পায়ে একটু ব্যথা আছে। তবে মনে হচ্ছে না বড় কোনো সমস্যা আছে। মঙ্গলবার ম্যাচের আগে একটু ওয়ার্মআপ করলেই ও খেলতে পারবে। হাঁটা-চলাতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না।’
উল্লেখ্য, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। সরাসরি দেখাবে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনাল খেলবে ঢাকা ডায়নামাইটস। আর এবারই প্রথম ফাইনালে উঠেছে রংপুর।
চলমান আসরে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে সাকিবদের দল। অপরদিকে একদিন আগে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোলিয়ানসকে বিদায় করে ফাইনালে উঠল রংপুর।
























































