শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, যানজটে যাত্রীদের ভোগান্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। দুর্ঘটনায় ১ চালক নিহত ও অপর ২জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা রাস্তার মাথায় দুর্ঘটনার পর সড়কে যানজটের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর চারটায় মহাসড়কের গাংরা রাস্তার মাথায় চট্টগ্রামগামী হাঁসবাহী পিকআপকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপ চালক কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দাউদপুর গ্রামের মৃত আবদুল মজিদের পুত্র রুবেল হোসেন (৩২) নিহত হন। এসময় আহত হন পিকআপের হেলপার তাড়াইলের কৌলা গ্রামের ইস্রাফিলের পুত্র আবুল কালাম (৩০) ও হাঁসের মালিক নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গোঘাটার সফর আলীর পুত্র সবুজ (২৮)।

দুর্ঘটনার কারণে মহাসড়কের বারইয়ার হাট থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যাত্রী ও মালবাহী গাড়ি। ফলে ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের অসংখ্য মানুষকে। বেশি দুর্ভোগ ভোগ করতে হয় এ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাদের স্বজনদের।

অপরদিকে ফেনীর মহিপালে ওভারব্রিজ ও মহাড়কের ফতেহপুর রেললাইনের উপর নির্মিত ফ্লাইওভারের কাজের কারণে নিয়মিতই মহাসড়কের এ অংশ পার হতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। এ সময় রাস্তার দু’পাশে গাড়ি সারিবদ্ধ হয়ে দীর্ঘসময় এক স্থানেই দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা।

বেলা ১২টায় মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার পার হওয়ার সময় এক লরি চালক জানান, ফেনী মহিপাল থেকে এ পর্যন্ত আসতে দীর্ঘ ৫ ঘণ্টা সময় লেগেছে।

চৌদ্দগ্রাম থানার এসআই মোড়ল মিজানুর রহমান জানান, গভীর রাতে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক লাশ ও গাড়িটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসি। তখন সড়কে যানজট ছিল না।

অপরদিকে মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আশিকুর রহমান জানান, ফেনীর ফতেহপুর রেললাইনের উপর নির্মানাধীন ফ্লাইওভার ও মহিপালের ওভারব্রিজের কারণে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে পুলিশের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পূর্বাশানিউজ/২১ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি