মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সামনে আমরা যেন ভুল না করি: মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দর্শক পেটানো ও ম্যাচ কর্মকর্তাকে হুমকি দেয়ার ঘটনায় বড় ধরনের শাস্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। তিনি শুধু বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে শুধু বাদই পড়েননি, তাকে জরিমানা করা হয়েছে ২০ লাখ টাকা। এখানেই শেষ নয়। আগামী ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে তাকে। ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন সাব্বির। তবে, ভবিষ্যতে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে তাকে।

মঙ্গলবার এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেছেন, সামনে যেন এমন ভুল কেউ না করে। সবাইকে সতর্ক থাকতে হবে। মাঠের বাইরের কাজগুলোও ঠিকভাবে করতে হবে।

মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আমাদের সকলকে খেয়াল রাখতে হবে সামনে আমরা যেন কোনও ভুল না করি। সাব্বিরের শাস্তি হয়েছে। সামনে যেন আর কারও ক্ষেত্রে না হয়। এমনকি আমার সাথেও। আমাদের মূল কাজ হলো মাঠে পারফরম্যান্স করা। কিন্তু মাঠের বাইরের কাজগুলোও আমাদের ঠিকঠাক করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই বিসিবির অধীনে। এটা মেনে নেয়া আমাদের দায়িত্ব। সবাই আমাদের ফলো করে। তরুণ ক্রিকেটার যারা উঠে আসছে তারাও আমাদের ফলো করে। সুতরাং, আমাদের সতর্ক থাকতে হবে।’

পূর্বাশানিউজ/০২ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি