
প্রস্তুতি ম্যাচ না খেলেই নেমে পড়তে হবে প্রথম টেস্টে। কোহলিরা কেপটাউনে পা রেখেই নেমে পড়েছে অনুশীলনে। কিন্তু অনুশীলন পিচ নিয়ে বেশ অসন্তুষ্ট ভারতের অধিনায়ক।
বিরাট বলেছেন, ‘ম্যাচে যে উইকেটে আমাদের খেলতে হবে, অনুশীলনের উইকেটের সঙ্গে তার ১৫ শতাংশও মিল নেই। সবটা বুঝতেই পারছি।’
ওয়েস্টার্ন প্রোভিন্স ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডসম্যান অ্যান্ড্রু ম্যাথিসও স্বীকার করে নিয়েছেন, বিরাট কোহলি এবং তার দল অনুশীলন উইকেট নিয়ে অসন্তুষ্ট। ‘ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট আমাকে বলেছিল, ওরা সবুজ উইকেট চায়। সেভাবেই উইকেট দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি ভারসাম্য রাখতে। আমার আশা, এখানে অনুশীলনের পর নিউল্যান্ডসে ওরা ভাল খেলতে পারবে।’
অনুশীলনের জন্য আলাদা করে দুটো সবুজ উইকেট দিতে ওয়েস্টার্ন প্রোভিন্স ক্রিকেট ক্লাবের সুপারভাইজার জন মার্টিনকে অনুরোধ করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী। মার্টিন বলেছেন, ‘ওরা সবুজ উইকেট চেয়েছিলেন। যে উইকেট দেওয়া হয়েছিল, তাতেও যথেষ্ট ঘাস ছিল, শক্তও। অসুবিধা হওয়ার কথা নয়।’
তবে মঙ্গলবার ভারতীয় দল নিউল্যান্ডসে অনুশীলন করেছে। যেখানে উইকেটে ছিল প্রচুর বাউন্স। নিউল্যান্ডসের চিফ কিউরেটর ইভান ফ্লিন্ট জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা যেমন চেয়েছিল, তেমনই হয়েছে পিচ। অর্থাৎ পেস ও সিম বোলিং সহায়ক পিচই দেখা যাবে নিউল্যান্ডসে। এমনিতেই পানি দিয়ে পিচে রোল করা হচ্ছে। তার ওপর সাম্প্রতিক হঠাৎ বৃষ্টিতে আবহাওয়ার যে পরিবর্তন, তাতেও জোরে বোলারদের সাহায্য করবে উইকেট। তবে ভারতের যাবতীয় চিন্তা বাউন্স নিয়ে।
























































