
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট সভায় যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। তিনিই বাংলাদেশি প্রথম ক্রিকেটার যিনি এ সভায় যোগ দিচ্ছেন।
তারা সাকিবের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং।
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে নতুন করে ৪ জনকে নেওয়া হয়েছে। সাকিব তাদের মধ্যে অন্যতম।
গত অক্টোবরে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি ঘোষণা করলেও আগামী ৯ ও ১০ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবে তাদের প্রথম সভা। সভায় অংশ নিতে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব ঢাকা ছাড়বেন ৭ জানুয়ারি।
এমসিসির পরবর্তী সভাটি হবে ৬ ও ৭ আগস্ট লর্ডসে।
বর্তমান কমিটিতে সাকিবের সাথে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু নিউজিল্যান্ড প্রমীলা দলের অধিনায়ক সুইজ বেটস।
এমসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মাইক গ্যাটিং। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক বিয়ারলির স্থলাভিষিক্ত হয়েছেন গ্যাটিং।
এমসিসির ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেছেন, সাকিব প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে কমিটিতে যোগ দিচ্ছেন। বিশ্বব্যাপী আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই সাকিবের অভিজ্ঞতা অসাধারণ। আমরা তার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্যরা হলেন- মাইক গ্যাটিং (চেয়ারম্যান), ভিঞ্চ ভন ডার ভিজল, ব্রেন্ডন ম্যাককালাম, ইয়ান বিশপ, রমিজ রাজা, জন স্টিফেনসন, কুমার সাঙ্গাকারা, কুমার ধর্মাসেনা, সৌরভ গাঙ্গুলি, রড মার্শ, রিকি পন্টিং, সুইজ বেটস, টিম মে এবং সাকিব আল হাসান।
























































