সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংসদের ১৯তম অধিবেশন আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আজ বিকাল ৪টায় শুরু হবে। জাতীয় সংসদের এ অধিবেশন হবে ২০১৮ সালের প্রথম অধিবেশন।

রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে ভাষণ দেবেন। এরই মধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে।

এ ভাষণে সরকারের বিগত দিনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে।

এর আগে চলতি সংসদে সরকারদলীয় সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোঃ ছায়েদুল হক এবং গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরণ করায় শোক প্রস্তাব গ্রহণ করা হবে। রাষ্ট্রপতির ভাষণের পর দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত রেখে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশন মুলতবি করা হবে।

আলোকিত বাংলাদেশ’র প্রতিবেদনুযায়ী সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, প্রতি বছরের মতো এবারও শীতকালীন এ অধিবেশন দীর্ঘমেয়াদি হবে। দুই মাসেরও বেশি সময় ধরে এ অধিবেশন চলতে পারে।

অধিবেশনের মেয়াদ কতদিন হবে তা ঠিক করবে সংসদের কার্যউপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগে বেলা ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্য সদস্যরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, সংসদীয় রীতি অনুযায়ী বছরের শুরুতে সংসদ অধিবেশনের প্রথমদিন রাষ্ট্রপতি সরকারের কার্যক্রম তুলে ধরে সংসদে ভাষণ দিয়ে থাকেন। এর আগে মন্ত্রিসভায় ভাষণটি অনুমোদিত হয়। গত ৭ ডিসেম্বর এবারের ভাষণ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতির মূল ভাষণে ৭২ হাজার ৩৮৬টি শব্দ সংকুলান করা হয়েছে। সংক্ষিপ্ত ভাষণে রাখা হয়েছে ৭ হাজার ৪৫৭টি শব্দ।

এদিকে বছরের প্রথম অধিবেশন সামনে রেখে সংসদ সচিবালয়ের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ ভবন ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ওই এলাকায় শনিবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রসস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক বিজ্ঞপ্তিতে সংসদের ১৯তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

সংসদের ১৮তম অধিবেশন ২৩ নভেম্বর শেষ হয়। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকায় রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পূর্বাশানিউজ/০৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি