সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


আবহাওয়া-টস-উইকেট নিয়ে ভাবছেন না মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশে এখন বিরাজ করছে কনকনে শীত। সন্ধ্যা নামতেই পুরো দেশ আড়াল হচ্ছে কুয়াশার চাদরে। আর এরই মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরেজ।

এই বৈরি আবহাওয়াতে অধিকাংশ সময়ই পিচ ভেজা থাকে কুয়াশাতে। কিন্তু আসন্ন সিরিজে আবহাওয়া নিয়ে চিন্তিত নন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তাছাড়া টস নিয়েও তিনি চিন্তিত নন। তিনি মনে করেন, আবহাওয়া সবার উপরেই সমান প্রভাব ফেলবে।

রবিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ওয়েদার নিয়ে ভাবছি না। এটা সবার জন্য একইরকম হবে। আশা করি, এটা ম্যাচে প্রভাব ফেলবে না। তাছাড়া আমরা নিজেদের কন্ডিশনেই খেলব। এখানে আমাদের সমস্যা হওয়ার কথা নয়।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে উইকেট ব্যাটিং সহায়ক হবে। এখানে আগে ব্যাট করি কিংবা পরে করি সেটা কোনও বিষয় না। কেমন খেলছি সেটাই বড় ব্যাপার। আমাদের দলে যারা আছে সবাই ভালো পারফর্ম করতে সক্ষম। আশা করি, সিরিজে আমাদের জন্য ভালো কিছুই হবে।’

মাশরাফি বলেন, ‘সিরিজটি সহজ হবে না। তিনটি দলই প্রায় একইরকম। গত বছর শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাও ভালো ক্রিকেট খেলছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর আমাদের ভালো হয়নি। এটা নিয়ে চিন্তা করছি না। একটা ট্যুর এমন হতেই পারে। মূল কথা হচ্ছে আমাদের পারফর্ম করতে হবে।’

উল্লেখ্য, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে প্রথমে তিনটি দল একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট টেবিলে যারা সেরা দুইয়ে থাকবে তারা ফাইনাল খেলবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।

পূর্বাশানিউজ/১৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি