
ডেস্ক রিপোর্ট:
ইভটিজিংয়ে বাধা দেয়ায় মিন্টু (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ইভটিজাররা। গতকাল সকাল ১০টায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মারা যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে। নিহত মিন্টু মিয়া উপজেলার
ইউপির সাদিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে মোতাহার মিয়ার মেয়েকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো পার্শ্ববর্তী গ্রামের রফিক মিয়ার ছেলে জাকির হোসেন। বুধবার সকালে কলেজে যাওয়ার পথে জাকির ঐ ছাত্রীকে পথরোধ করে কুরুচিপূর্ণ মন্তব্য করলে ছাত্রী তার বাবা মোতাহার ও মামাতো ভাই মিন্টু মিয়াকে অবহিত করে। পরে মিন্টু ইভটিজার জাকির হোসেনকে এ বিষয়ে শাসিয়ে দেন।
এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে মিন্টু মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা জাকির ও তার সহযোগীরা তার পথরোধ করে রিকশা থেকে মিন্টুকে নামিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে দু’দিন চিকিৎসার পর রোববার সকাল ১০টার দিকে সে মারা যায়। মিন্টুর মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা উত্তেজিত হয়ে জাকির ও তার আত্মীয়ের তিনটি ঘর ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম পিপিএম জানান, মিন্টু হত্যা ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।























































