
পূর্বাশা ডেস্ক:
সরকারি ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে মঙ্গলবার অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বলেন, ব্যাংকার্স সিলেকশন কমিটি ১২ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন, তাদের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হবে। তদন্ত প্রতিবেদন ও ব্যাখ্যা আসার পর সিদ্ধান্ত হবে কবে এবং কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র বলেন, তদন্ত কমিটির প্রধান থাকবেন বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক আহমেদ জামাল। সদস্য সচিব থাকবেন বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক। সদস্য থাকবেন রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রাকাব এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একজন করে প্রতিনিধি।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি সরকারি ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অসঙ্গতির অভিযোগে চাকরিপ্রার্থীরা এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছে।






















































