বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্মার্টফোনে রক্ষা পেল ‘গুম’ হওয়া তরুণী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বেলজিয়ামের ব্রাসেলস শহরের একটি নাইটক্লাবের সামনে থেকে অপহরণ হওয়া এক তরুণী স্মার্টফোনের সহায়তায় বেঁচে গেছেন। নিজের স্মার্টফোনে অবস্থান খুঁজে বের করতে পারার জন্যই দেশটির পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উনিশ বছর বয়সী ওই তরুণী জানিয়েছে, ব্রাসেলসের একটি নাইটক্লাবের সামনে থেকে পাঁচ ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে শারলেরোয় শহরের একটি ফ্ল্যাটে তিন দিন তালাবন্দী করে তাকে আটকে রাখে। কিন্তু বিশেষ কায়দায় ওই তরুণী তার ব্যবহৃত স্মার্টফোনটি নিজের কাছেই রাখতে সক্ষম হন। ওই স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে তিনি নিজের লোকেশন শনাক্ত করে সেই ঠিকানা তার ভাইয়ের কাছে পাঠান।

পরে তার ভাই বিষয়টি পুলিশকে অবহিত করলে সোমবার রাতে ওই ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ তরুণীকে উদ্ধার করে। এছাড়া সেখান থেকে সন্দেহভাজন দুইজন অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে আটক ব্যক্তিদের দাবি, ওই তরুণীর সঙ্গে তাদের দলের একজনের সম্পর্ক ছিল। এবং নিজের ইচ্ছাতেই ওই তরুলী ওই ফ্ল্যাটে এসেছিলেন।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনেছে দেশটির পুলিশ। অভিযুক্ত বাকি তিনজন অপহরণকারীর খোঁজে তল্লাশি চলছে।

পূর্বাশানিউজ/১৮ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি