
পূর্বাশা ডেস্ক:
একশ টাকা চুরির সন্দেহে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সহোদরকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম শেখ ফরিদ। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসিয়ারা গ্রামের আবুল হাসেমের ছেলে। চৌদ্দগ্রামের বিজয়পুর গ্রামস্থ রাজার মা‘র দীঘির পাহারাদার ছিলেন তিনি। নিহত দুই শিশুর বাবা ছেরু মিয়াও পাহারাদারের কাজ করতেন। তিনি সাতঘরিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়- শেখ ফরিদের পকেট থেকে ১০০ টাকা চুরির ঘটনায় ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি সাতঘরিয়া গ্রামে মিলাদ মাহ্ফিল থেকে ছেরু মিয়ার দুই সন্তান জাকির হোসেন (১০) ও আব্দুল করিমকে (১২) ডেকে নেয় শেখ ফরিদ। পরে তাদের গলা টিপে ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর বিজয়পুর গ্রামস্থ রাজার মা‘র দীঘির দক্ষিণ পাড়ে কবরস্থানে জঙ্গলে লাশ লুকিয়ে রাখে।
পরে শিশু দুটির বাবা বাদী হয়ে শেখ ফরিদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও এসআই কাজী আব্দুল শুক্কুর মামলার তদন্ত করে আসামি শেখ ফরিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষে ১১জনের সাক্ষ্যগ্রহণ শেষে শেখ ফরিদকে মৃত্যুদণ্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রাজ্জাকুল ইসলাম খসরু। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন শামীম আরা শিমু।

















































