
পূর্বাশা ডেস্ক:
প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) ২০১৪ সালের পরীক্ষায় রাজশাহীতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয় জালিয়াতি করে। ফেল করা শিক্ষার্থীকে পাস এবং পাস করা শিক্ষার্থীকে ফেল দেখিয়ে হাতিয়ে নেয়া হয় বিপুল অংকের টাকা। এ ব্যাপারে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্তে নেমে দুদক এর সত্যতা পায়। মামলা করে গ্রেপ্তার করা হয় তৎকালীন রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমকে (বর্তমানে সাময়িক বরখাস্ত)। এই বৃত্তি জালিয়াতি মামলাটির তদন্তকালীন সময়েই এক ব্যক্তি আবুল কাশেমের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন দুদকে।
সংস্থার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে দাখিল করা এ অভিযোগের ব্যাপারে অনুসন্ধানও শুরু হয়েছে। গত বছরের ২০ সেপ্টেম্বর দুদকের বাছাই কমিটির সভায় অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুমোদন হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল করিম অভিযোগটি অনুসন্ধান করছেন। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানেই সত্যতা মিলছে অভিযোগের।
দুদকে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, আবুল কাশেম রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় দশতলা বিশিষ্ট একটি বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। এটি নির্মাণে খরচ হয়েছে কমপক্ষে আট কোটি টাকা। এছাড়া তিনি তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায় প্রায় ২০০ বিঘা জমি কিনেছেন। এসব জমি কেনা হয়েছে প্রায় দুই কোটি টাকায়।
আবুল কাশেম রাজশাহী নগরীর উপশহরে নিজের নামে পাঁচ কাঠার একটি সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন প্রায় ৪০ লাখ টাকায়। চন্দ্রিমা আবাসিক প্রকল্পে স্ত্রীর নামে সাত কাঠার দুটি সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন প্রায় এক কোটি টাকায়। একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে আবুল কাশেম তার বড় ছেলেকে এমবিবিএস পড়িয়েছেন প্রায় ৫০ লাখ টাকা খরচ করে।
এছাড়া আবুল কাশেম তার আরেক ছেলেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন। এতে খরচ হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকা। আবুল কাশেম ও তার স্ত্রীর নামে দুটি গাড়িও রয়েছে। এছাড়া আবুল কাশেম নিজের নামে ব্যাংকে এক কোটি টাকার এফডিআর এবং ৪০ লাখ টাকার সঞ্চয়পত্রও কিনেছেন।
শুধু তাই নয়, সোনালী, ইসলামী ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন ব্যাংকে রয়েছে তার অঢেল টাকা। ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এবং ঘুষের বিনিময়ে মেধাবি শিক্ষার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের বৃত্তি দিয়ে আবুল কাশেম এই সম্পদের পাহাড় গড়েছেন বলেও অভিযোগপত্রে বলা হয়েছে।
দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া বলেন, আবুল কাশেম বিশাল সম্পদের মালিক। বৈধ আয়ে এতো সম্পদের মালিক হওয়া সম্ভব নয়। খুব দ্রুতই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এরপর অভিযোগপত্র দাখিল করে বিচারের মুখোমুখি করা হবে আবুল কাশেমকে। পাশাপাশি তার স্ত্রী এবং সন্তানদের সম্পদের ব্যাপারেও অনুসন্ধান করা হবে।
গত বছরের আগস্টে বৃত্তির ফল জালিয়াতির মামলায় আবুল কাশেমকে গ্রেপ্তার করে দুদক। বেশকিছু দিন কারাভোগ করে তিনি এখন জামিনে। দুদকের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রাশেদুল ইসলাম মামলাটির তদন্ত করছেন। তিনি ঢাকাটাইমসকে জানান, তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করতে দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের জন্য কাগজপত্র পাঠানো হবে।
এর আগে বৃত্তি জালিয়াতির অভিযোগ উঠলে বিষয়টি তদন্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সত্যতা পাওয়ায় আবুল কাশেমসহ তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সাময়িক বরখাস্ত করা হয় আবুল কাশেমকে। তবে কিছু দিন পরই সেই আদেশ প্রত্যাহার হয়। এরপর তাকে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়। পরে দুদক গ্রেপ্তার করলে ফের তাকে সাময়িক বরখাস্ত করে অধিদপ্তর।
সাময়িক বরখাস্ত শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন, ১৯৮৯ সালে এক হাজার ৩৫০ টাকা বেতন স্কেলে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। বরখাস্ত হওয়ার আগে তিনি বেতন পেতেন ৪৬ হাজার টাকা। তবে দুর্নীতি করে সম্পদ অর্জনের অভিযোগের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি আবুল কাশেম।
অভিযোগগুলো তুলে ধরে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘ছেলে-মেয়ে থাকলে পড়াশোনা করাতে হবে না? দুদকের অনুসন্ধানের ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। তারা অনুসন্ধান যখন করছে, করুক। তদন্তেই সব বেরিয়ে আসবে। এখন এ ব্যাপারে কিছু বলছি না।’






















































