
পূর্বাশা ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনিংসের ব্যাটিংয়ের ৪২তম ওভারে বোলিংয়ে ছিলেন মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলে ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করতে গিয়ে পড়ে যান সহ-অধিনায়ক সাকিব। এতে বড় ধরনের কোনও ইনিজুরি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তার ব্যাটিং নিয়েও কিছুটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে।
সাকিবের ইনজুরির সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘সাকিবকে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে। এক্সরে করানো হবে। কিন্তু ও মাঠে নামতে চাচ্ছে। আমার ধারণা আজকের (বাংলাদেশ-শ্রীলংকা) ম্যাচে ও খেলতে পারবে না।’
চলতি সিরিজে তিন নম্বর পজিশনে ব্যাট করছেন সাকিব আল হাসান। আজ ব্যাটিংয়ে নামলেও তিন পজিশনে নামতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। ইনজুরি পাওয়ার পর মাঠ ছাড়েন সাকিব। তার পরিবর্তে ফিল্ডিং করতে নামেন নাসির হোসেন।
ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ টস জিতে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের পরিবর্তে মোহাম্মদ মিঠুনকে রাখা হয়েছে। আবুল হাসান রাজুর পরিবর্তে রাখা হয়েছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। নাসির হোসেনের পরিবর্তে একাদশে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
























































