বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গণউন্নয়ন সমিতির ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেমের বিরুদ্ধে ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া সমিতির সদস্যদের জমাকৃত প্রায় ৪শ’ কোটি টাকাও হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ অবস্থায় নিরীহ সদস্যরা তাদের জমাকৃত টাকা হারানোর শঙ্কায় রয়েছেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সমিতির সম্পাদক সাহিদা আক্তার। সংবাদ সম্মেলনে সাহিদা আক্তারের ছেলে মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সমিতির ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম মিয়া তার ব্যক্তিগত স্বার্থ-চরিতার্থ করার জন্য সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী সমিতির সকল কর্মকান্ড পরিচালনা করে আসছেন। পাশাপাশি তথাকথিত ব্যবস্থাপনা কমিটির ভুয়া মিটিং দেখিয়ে সদস্যদের স্বাক্ষর নকল করে সকল কর্মাকন্ডের অনুমোদন করে থাকেন। বর্তমানে সমিতির নামে কিছু জমি ক্রয় করে সেখানে বহুতল ভবন নির্মানের কাজ শুরু করা হয়েছে। এই জমি ক্রয় ও ভবন নির্মানে অতিরিক্ত খরচ দেখানো হচ্ছে। খরচের টাকা ব্যবস্থাপনা পরিচালক সঠিক কোন হিসাব না দিয়ে আত্মসাৎ করেছেন।

তিনি আরও বলেন, ব্যবস্থাপনা পরিচালক তার ২শ’ কোটি টাকা লেনদেন করেও সমিতির কোনো লাভ দেখাতে পারেনি। তার স্ত্রীকে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি বানিয়ে ও তাহার মেয়েকে শিবচর শাখার ব্যবস্থাপক বানিয়ে সমিতি থেকে কমিশনের নামে ৩৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সমিতিতে ২০ হাজার সদস্যের প্রায় ৪০০ কোটি টাকা আমানত থাকলেও কোন আইন না মানায় এই টাকা ঝঁকির মধ্যে রয়েছ।

সাহিদা জানান, জনশ্রুতি রয়েছে শিবচর উপজেলা থেকে ইতোমধ্যে এমন আরো ৫টি সমিতি প্রায় ১০০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এ সমিতির ব্যবস্থাপনা পরিচালকও যেকোন সময় উধাও হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি