
ডেস্ক রিপোর্ট:
আজ (সোমবার) থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবারের আসরে নতুন একটি নিয়ম রেখেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। নতুন নিয়মটি হলো, দুই দলের সম্মতিতে টুর্নামেন্ট শুরুর আগে নিজ দলের খেলোয়াড়দেও নিজেদের মধ্যে বিনিময় করতে পারবে।
এই নিয়ম অনুযায়ী শাইনপুকুরের মাশরাফিকে ও খেলাঘর কল্যান সমিতির এনামুল হক বিজয়কে দলে ভিড়িয়েছে আবাহনী। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি তাদের দুজনের দল বদলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আজ সকাল সাড়ে ৯টায় শুরু হবে তিনটি ম্যাচ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। ৪ নম্বর মাঠে লড়বে আবাহনী ও খেলাঘর। ফতুল্লায় খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর।
টুর্নামেন্ট শুরুর আগে গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ১২ দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে।
উল্লেখ্য, প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে নিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর ওপেনার এনামুল হয়েছিলেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। প্রিমিয়ার লিগ শুরুর আগের দিন রবিবার তাদের সঙ্গে চুক্তি করেছে আবাহনী। আবাহনী থেকে হাসান মাসুদকে নিয়ে গেছে শাইনপুকুর ক্রিকেট একাডেমি।
এবারের আসরে প্রথম ভাগের ম্যাচগুলো তিনটি ভেন্যুতে হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই লিগে দেশের শীর্ষ ১২ ক্লাব লড়বে। শ্রীলঙ্কা সিরিজ থাকায় লিগের শুরুতে জাতীয় দলের খেলোয়াড়রা থাকবেন না। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে দেখা মিলবে তাদের।
























































