সোমবার,২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ছেলের বাবা হলেন মুশফিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত।

মা ও ছেলে দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন মুশফিকের বাবা মাহবুব হাবিব। রবিবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন খুশির খবর জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন।’

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জান্নাতুল কেফায়েতকে বিয়ে করেন মুশফিকুর রহিম। বিয়ের তিন বছরেরও বেশি সময় পরে প্রথম সন্তানের বাবা হলেন তিনি।

মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েতের আরও একটি পরিচয় হলো, তিনি জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা। সেই হিসেবে, মুশফিক ও রিয়াদের সম্পর্ক ভাইরা-ভাই।

২০০৫ সালে সর্বপ্রথম টেস্টে অভিষেকের মাধ্যমে জাতীয় দলে প্রবেশ করেন মুশফিকুর রহিম।তার পরের বছরই অভিষেক হয় ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। এখন তিনি জাতীয় দলের একজন নির্ভর যোগ্য ব্যাটসম্যান। তিন ফরম্যাট মিলিয়ে ১০টি সেঞ্চুরি এবং ৪৮ হাফ সেঞ্চুরিসহ তার মোট রান সংখ্যা ৯০৬৯। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরেও তার পারফরম্যান্স খুব ভালো।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি